জাতীয়
প্রশ্নফাঁসের প্রতিবাদে ঢাকার রাজপথে আন্দোলন, বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষা স্থগিতের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা। শনিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে মিরপুর বাংলা কলেজের নিকটবর্তী টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন আন্দোলনের অংশ নেওয়া প্রার্থীরা। এর ফলে ওই এলাকার মূল সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
একই সময়ে নগরীর মতিঝিল এলাকা ও আসাদগেটের আড়ং মোড়ে অবস্থান নেন অন্য কেন্দ্রগুলোর পরীক্ষার্থীরা। তারা সড়কে বসে পড়ায় মুহূর্তের মধ্যে ওইসব এলাকায় যানবাহন চলাচল থমকে যায় এবং চরম যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত প্রার্থীরা অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও নিয়োগে প্রশ্নফাঁসের জালিয়াতি বন্ধ হয়নি। ক্ষোভ প্রকাশ করে এক পরীক্ষার্থী বলেন, বিগত সরকারের আমলেও নিয়োগপরীক্ষাগুলোতে প্রশ্নফাঁস হতো। এই সরকারের আমলেও তাই হচ্ছে, তাহলে চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজারো মানুষের জীবন দিয়ে লাভটা হলো কী? তারা জানান, এই অনিয়মের সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে যেনো কোনো পরীক্ষায় এমন ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
