প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

চলতি বছরের ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করতে চায় সরকার। প্রথম ধাপে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই ১১২ জন কর্মী যাবেন। এ পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে।

আজ বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এসব তথ্য জানান।

রাশেদুল হক বলেন, "আমরা আজ পর্যন্ত ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছি। ডিসেম্বরের পূর্বে আমরা চূড়ান্ত করে ফেলব।"

বোয়েসেল জানায়, প্রথম ধাপের ১১২ জন কর্মী নিয়োগ পাবেন মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানে। এ জন্য গত ৫ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ৩৯টি আবেদন জমা পড়ে। ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন।

এই ৩০০ জনের পেশাগত দক্ষতা ও ব্যবহারিক সক্ষমতা যাচাই করে চূড়ান্তভাবে ১১২ জনকে নির্বাচন করা হবে। এ জন্য মালয়েশিয়া থেকে ৯ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। দলটি আজ ১২ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার নেবে।

কর্মীদের যেতে কোনো টাকা খরচ করতে হবে না জানিয়ে রাশেদুল হক বলেন, বোয়েসেল কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না। সরকার নির্ধারিত ব্যয় বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। তাঁর ভাষায়, "শূন্য মানে শূন্য।"

বোয়েসেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন হবে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। চাকরির মেয়াদ তিন বছর। সপ্তাহে ছয় দিন, প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে। এর বাইরে ওভারটাইমের সুযোগ, আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতসুবিধা দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান। প্রার্থীদের বয়সসীমা ২২ থেকে ৩৫ বছর।

বোয়েসেল জানিয়েছে, চাহিদাপত্রের ভিত্তিতে ধাপে ধাপে মোট ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএইচএল ছাড়াও মালয়েশিয়ার পর্যটন, উৎপাদন ও কেয়ারগিভিং খাতে কর্মী নিয়োগের চাহিদাপত্র পেয়েছে প্রতিষ্ঠানটি।

এদিকে আজ সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, চলতি বছর মালয়েশিয়া যেতে কর্মীদের সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা। এ জন্য আগামী সপ্তাহের মধ্যে মেডিকেল সেন্টারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

নিয়োগপ্রক্রিয়া ঘিরে কোনো দালাল বা অননুমোদিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করতে প্রার্থীদের সতর্ক করেছে বোয়েসেল। কেউ অর্থ নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।