প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

হচ্ছে না বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ

হচ্ছে না বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নতুন কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সময়সূচি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় না হওয়ায় বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে কূটনৈতিক পত্র দিয়ে ভারত বৈঠক স্থগিতের অনুরোধ জানায়। পরে দুই পক্ষের সম্মতিতে সংলাপটি স্থগিত করা হয়।

বাংলাদেশের পক্ষ থেকে অক্টোবরের শেষ দিকে সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে দুর্গাপূজার কারণে ভারত নভেম্বর মাসে বৈঠক আয়োজনের প্রস্তাব দেয়। পরে ভারতের প্রস্তাব অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর তারিখ নির্ধারণে সম্মত হয় ঢাকা।

সংলাপ সামনে রেখে গত ৩ নভেম্বর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনার জন্য দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় চিহ্নিত করা হয়। এর মধ্যে ছিল সীমান্ত দিয়ে পুশইনের অপচেষ্টা বন্ধ, শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতা।

তবে সংলাপ স্থগিত হওয়ায় এসব বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা আপাতত হচ্ছে না। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, এ বছর নতুন করে সংলাপ আয়োজনের সম্ভাবনাও কম।

২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। দুই দেশের নাগরিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়, ভিসা ও কনস্যুলার সেবা এবং পারস্পরিক আইনি সহযোগিতা নিয়ে নিয়মিত আলোচনার জন্য এ সংলাপের আয়োজন করা হয়। এ পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।