প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

দ্বাদশ শ্রেণির মধ্যেই খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হয়ে উঠুক শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

দ্বাদশ শ্রেণির মধ্যেই খেলাধুলা ও সংস্কৃতিতে দক্ষ হয়ে উঠুক শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণি শেষ করার আগেই যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প ও সংস্কৃতিতে আত্মবিশ্বাস ও দক্ষতা অর্জন করতে পারে, সরকার সেটাই চায়।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি এ কথা বলেন। সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাত সাধীন।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাই ভবিষ্যৎ পেশা ও নেতৃত্বের জন্য এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে। শুধু পাঠ্যবইয়ে আটকে না থেকে খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতেও মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি।

তারেক রহমান জানান, খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের জন্য সরকার উপযুক্ত পরিবেশ ও খেলার মাঠ তৈরি করছে। কর্মজীবনে বাড়তি সুবিধার জন্য তিনি শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার পরামর্শ দেন। হাতে-কলমে দক্ষতা গড়তে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।

পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ব্যক্তিগত দায়িত্ব নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনসমাগমের জায়গায় ময়লা ফেলা যাবে না। প্রাণীর প্রতি সদয় হতে হবে এবং বাড়ির আশপাশসহ ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তারা প্রধানমন্ত্রীকে তাদের জেলা হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানায়।

এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

একই দিন নবাবগঞ্জের তিনটি বিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া ৫০ শিক্ষার্থীর সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। সেখানেও তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরে খেলাধুলা, সংস্কৃতি ও দেশের ইতিহাস জানার আহ্বান জানান। নিজের প্রতি, সমাজ, পরিবেশ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার পরামর্শও দেন তিনি।