প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

ঢাকায় পৌঁছেছে সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ

তৌফিক ইমরোজ খালিদী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার কফিন গ্রহণ করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ১০টা ৫৫ মিনিটে তার কফিন ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরে কফিন গ্রহণ করেন প্রয়াতের ভাতিজা তারাফ তাজিজ খালিদী ও ভাগনি-জামাই আকিফ আহমেদ। সেখানে তার সহকর্মীরাও উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে মরদেহ প্রয়াতের বাসায় নিয়ে যাওয়া হয়, যেখানে পরিবারের সদস্য ও স্বজনরা তাকে শেষবারের মতো দেখেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মরদেহ রাখা হবে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে। সেখানে বন্ধু, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানাবেন। বেলা ৩টায় ওই মাঠেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে গত ১ অক্টোবর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। পরে সেন্ট বার্থোলমিউ’স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। গত ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।