প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

বিদেশি কর্মী নিয়োগে কোটা জালিয়াতি, মালয়েশিয়ায় আটক ১১ বাংলাদেশি

কুয়ালালামপুর

বিদেশি কর্মী নিয়োগের কোটা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় ১১ বাংলাদেশিসহ ২০ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এ সময় ৩৪১টি পাসপোর্ট ও ৬ হাজার ৭০০ মালয়েশীয় রিঙ্গিত জব্দ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) মালয়েশিয়ার অভিবাসন বিভাগের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম মালয় মেইল এ তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার কুয়ালালামপুরের আমপাং এলাকার তামান দাতুক আহমাদ রাজালিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, আটক ব্যক্তিদের বয়স ২৩ থেকে ৪৭ বছরের মধ্যে। তাঁদের মধ্যে দুজন বাংলাদেশি ওই ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ও ব্যবস্থাপক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ছয়জন স্থানীয় নারী কর্মী এবং ১২ জন বিদেশি গ্রাহক রয়েছেন। গ্রাহকদের মধ্যে নয়জন বাংলাদেশি পুরুষ ও তিনজন ইন্দোনেশীয় নারী।

অভিযানে ২৬৫টি বাংলাদেশি, ৬৩টি ইন্দোনেশীয়, ১২টি পাকিস্তানি ও একটি ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। জব্দ করা অর্থ গ্রাহকদের কাছ থেকে পাওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

যেভাবে চলছিল জালিয়াতি

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে জাকারিয়া শাবান বলেন, চক্রটি বিদেশি কর্মী নিয়োগের অনুমোদন পেতে বিভিন্ন কোম্পানির বিষয়ে ভুল বা ভুয়া তথ্য জমা দিয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে।

তদন্তে দেখা গেছে, একটি কোম্পানি বিদেশি কর্মী নিয়োগের কোটা নিয়ে তাঁদের মালয়েশিয়ায় আনত। কিন্তু অনুমোদন পাওয়া কোম্পানিতে কাজ করানোর বদলে ওই কর্মীদের অন্য প্রতিষ্ঠানে সরবরাহ করা হতো। এভাবে আর্থিক লাভ করত চক্রটি।

প্রত্যেক কর্মীকে মালয়েশিয়ায় আনার মাধ্যমে ৩ হাজার ৮০০ থেকে ৫ হাজার রিঙ্গিত পর্যন্ত লাভ করা হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগের মহাপরিচালক।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রকৃত আয়ের চেয়ে কম মুনাফা দেখিয়ে কর ফাঁকি দিয়েছে কি না, তা-ও তদন্ত করা হচ্ছে। ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত আয়ের তথ্য জমা না দেওয়ার বিষয়টিও তদন্তে এসেছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের কোটা অপব্যবহার করে যারা পরিকল্পনা করে, কার্যক্রম পরিচালনা করে বা লাভবান হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হওয়ার আগে তাঁদের অপরাধী হিসেবে বিবেচনা করা যাবে না।