প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

রাখাইনের অস্থিরতা বড় বাধা

মিয়ানমার হয়ে কুনমিং পর্যন্ত অর্থনৈতিক করিডরের কথা ভাবছে ঢাকা

মিয়ানমারের ভেতর দিয়ে চীনের কুনমিং অঞ্চলের সঙ্গে যুক্ত হতে নতুন একটি অর্থনৈতিক করিডরের সম্ভাবনা খতিয়ে দেখছে বাংলাদেশ। তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান অস্থিরতা এই পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

বুধবার রাজধানীতে ‘ঢাকা ফোরাম অন বাংলাদেশ-চায়না রিলেশনস ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা হয়। চলতি বছরের জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এই ধারণা সামনে আসে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, এই করিডর আঞ্চলিক অর্থনৈতিক একীভবন ও সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে। তবে একে শুধু অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে বৃহত্তর অর্থনৈতিক কাঠামো হিসেবে বিবেচনা করা উচিত। রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও অংশীজনদের অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিয়েই এটি এগিয়ে নিতে হবে। এ জন্য গবেষণা, তথ্যভিত্তিক মূল্যায়ন, সম্ভাব্যতা যাচাই ও অংশীজনদের সঙ্গে পরামর্শের ওপর জোর দেন তিনি।

জবিউল্লাহ বলেন, চীনের রুইলি থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত একটি রুট হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু রাখাইনের অস্থিরতা তাতে বড় চ্যালেঞ্জ হয়ে আছে। তাঁর মতে, আঞ্চলিক বাণিজ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নের জন্য স্থিতিশীল রাখাইন অপরিহার্য। রাখাইনে স্থিতিশীলতা ফেরাতে চীন ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশে চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (শার্জ দ্য অ্যাফেয়ার্স) লিউ ইউইন বলেন, বাংলাদেশের জাতীয় স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের সমর্থন রয়েছে এবং দেশটির নিজস্ব উন্নয়নপথকে চীন সম্মান করে। আন্তর্জাতিক বাজারে প্রবেশ, রপ্তানি ও আঞ্চলিক সহযোগিতার জন্য বন্দর উন্নয়ন বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি। বন্দর পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় চীনের দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে ভাগ করে নিতে দেশটি প্রস্তুত বলেও জানান তিনি।

লিউ ইউইনের মতে, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সংযোগ ঘটানোর মতো অবস্থানে রয়েছে। করিডরের সম্ভাবনা ও বাস্তবতা নিয়ে যৌথভাবে বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত মূল্যায়ন এবং নির্দিষ্ট প্রকল্প চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

মিয়ানমারের কিয়াউকফিউ বন্দর চট্টগ্রাম থেকে সমুদ্রপথে প্রায় ৩৬৭ কিলোমিটার দূরে, যা বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। কুনমিং ও কিয়াউকফিউর মধ্যে এরই মধ্যে তেল-গ্যাসের পাইপলাইন থাকলেও পূর্ণাঙ্গ ও বাণিজ্যিকভাবে লাভজনক সড়ক-রেল যোগাযোগ এখনো গড়ে ওঠেনি। কুনমিংয়ের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে চিকিৎসা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক ও শিক্ষা বিনিময় জোরদার করতে চায় বাংলাদেশ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স যৌথভাবে এই ফোরামের আয়োজন করে। সহযোগিতায় ছিল ঢাকার চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজ। ফোরামে বন্দর ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ বিষয়ে দুটি আলাদা অধিবেশন হয়।