জাতীয়
উন্নয়ন প্রকল্পের কেনাকাটার দাম যাচাই করবে স্বতন্ত্র প্রতিষ্ঠান, প্রধানমন্ত্রীর নির্দেশ

উন্নয়ন প্রকল্পে ব্যয়বহুল যন্ত্রপাতি ও বিশেষায়িত পণ্য কেনার খরচ যাচাইয়ে দেশি বা বিদেশি স্বতন্ত্র মূল্য মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রকল্পে জনবল পরিকল্পনা জোরদার করা এবং টেকসই নির্মাণসামগ্রী ব্যবহারে উৎসাহ দেওয়ার কথাও বলেছেন তিনি।
বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এসব নির্দেশনার কথা জানান। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এ খবর দিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, অনুমোদিত রেট শিডিউলের বাইরে থাকা যন্ত্রপাতি ও কেনাকাটার খরচ পর্যালোচনায় পরিকল্পনা কমিশন এরই মধ্যে বিশেষজ্ঞদের যুক্ত করতে শুরু করেছে। প্রকল্পের ব্যয় অনুমোদিত রেট শিডিউল মেনে হচ্ছে কি না, তা যাচাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) একটি সফটওয়্যারও তৈরি করছে সরকার।
জনবল নিয়োগের বিষয়েও নতুন নির্দেশনা এসেছে। এখন থেকে প্রকল্প শেষ পর্যায়ে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা না করে আগেই জনবল অনুমোদনের উদ্যোগ নিতে হবে। এই দেরির কারণে অনেক সময় নতুন হাসপাতাল চালু করা যায় না, আর দামি যন্ত্রপাতিও অব্যবহৃত পড়ে থাকে।
বিশেষায়িত দক্ষতাসম্পন্ন চিকিৎসক ও টেকনিশিয়ান তৈরির লক্ষ্যে স্বাস্থ্যশিক্ষায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। সভায় সরকারি ও বেসরকারি সংস্থার (জিও-এনজিও) অংশীদারত্বে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর ধীরগতি নিয়েও আলোচনা হয়।
