প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা, দোষীদের বিচার না হলে সরকারকে বড় মূল্য দিতে হবে: জামায়াত আমির

নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলা, দোষীদের বিচার না হলে সরকারকে বড় মূল্য দিতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জড়িতদের আইনের আওতায় আনতে সরকার ব্যর্থ হলে তাদের বড় মূল্য দিতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি হামলাকে "কাপুরুষোচিত" উল্লেখ করে দোষীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানান। তিনি লেখেন, "নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।"

গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে এ হামলা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগলও পুড়ে মারা গেছে। নুসরাতের মা-বাবা ওই বাড়ি থেকে ২০ থেকে ৩০ হাত দূরের একটি তিনতলা ভবনে থাকেন। ওই ভবনে আগুন লাগেনি। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানের ভাষ্য, যে ঘরে আগুন দেওয়া হয়, সেটি মূলত গরু রাখার ঘর ছিল। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং গরুগুলো বের করে আনেন।

নুসরাত তাবাসসুমের ছোট ভাই ইসতিয়াক জানান, তাঁদের বাড়িতে চারটি পেট্রলবোমা ছোড়া হয়েছে। বাড়ির সিসিটিভি ক্যামেরার ফুটেজে ঘটনার প্রমাণ আছে, তবে কারা আগুন দিয়েছে, তা ফুটেজে স্পষ্ট নয়।

ঘটনার পর রাতেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুসরাত তাবাসসুম লেখেন, "বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল।"

এদিকে এনসিপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ হামলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে হামলার কথা উল্লেখ করেছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।