প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

ককটেল আতঙ্কে কোর্স শেষ না করেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

ককটেল আতঙ্কে কোর্স শেষ না করেই ঢাবি ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্কিত হয়ে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরে যাচ্ছেন আট চীনা শিক্ষার্থী। তাঁদের মধ্যে দুজন গতকাল বুধবার চীনে ফিরে গেছেন। বাকি ছয়জন আগামীকাল শুক্রবার ঢাকা ছাড়বেন।

বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের আবাসিক হল স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এম এ কাউসার বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন তিনি।

হল সূত্রে জানা গেছে, এই আট শিক্ষার্থী চীনের গুয়াংডং ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের ছাত্র। এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় বাংলা ভাষার একটি স্বল্পমেয়াদি কোর্সে অংশ নিতে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। প্রোগ্রামের নিয়ম অনুযায়ী, বাংলা শেখার জন্য তাঁদের বাংলাভাষী দেশে এক বা দুই সেমিস্টার থাকতে হয়। চলতি মাসের শেষ দিকে পরীক্ষা দিয়ে কোর্স শেষ করার কথা ছিল তাঁদের।

অধ্যাপক এম এ কাউসার বলেন, "নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষা শেষ করে তাঁদের যাওয়ার কথা ছিল। ককটেল বিস্ফোরণজনিত উদ্বেগ ও আতঙ্কের কারণেই আগেভাগে চলে যাচ্ছেন তাঁরা।"

প্রাধ্যক্ষ জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের পাশ দিয়ে যাওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা দেখে শিক্ষার্থীরা ভয় পেয়ে যান। এরপর শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে নিজ বিশ্ববিদ্যালয়ের পরামর্শে কোর্স শেষ না করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুধু ক্যাম্পাস নয়, গত কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে রাজধানীতে রাতের টহল জোরদার এবং গুরুত্বপূর্ণ প্রবেশপথে তল্লাশিচৌকি বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিদেশি শিক্ষার্থীদের এভাবে চলে যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।