প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে তাঁর আইনজীবীরা এ আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় নথি পেতে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার আইনজীবীদের পাঠানো একটি চিঠি তারা দেখেছে। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।

চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আইনজীবীরা চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। সম্প্রতি রয়টার্সকে তিনি জানিয়েছিলেন, ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁর সহযোগীরা সোমবার জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

এদিকে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের বক্তব্য জানতে চেয়েছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য সরকার নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না। তাঁকে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। গত ৮ নভেম্বর আইনমন্ত্রী আসাদুজ্জামানও জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।