প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

প্রকৃতি ও নদী সংরক্ষণে অবদানের স্বীকৃতি: সম্মাননা পেলেন মুকিত মজুমদার ও মো. মনির হোসেন

প্রকৃতি ও নদী সংরক্ষণে অবদানের স্বীকৃতি: সম্মাননা পেলেন মুকিত মজুমদার ও মো. মনির হোসেন

প্রকৃতি সংরক্ষণ ও নদীর সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রাপ্ত প্রকৃতিপ্রেমী মুকিত মজুমদার এবং জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রাপ্ত রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ইনশাআল্লাহ এগ্রো অ্যান্ড রিসার্চ সেন্টারে এক সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেন কর্ণধর ইনশার চেয়ারম্যান ও শিক্ষাবিদ ইসরাফিল হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রহমান। এতে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ, নদীর সুরক্ষা এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে প্রকৃতি ও নদী রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী মোসা. রুপনা আক্তার তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “আজ এখানে উপস্থিত হতে পেরে সত্যিই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। প্রকৃতি আমাদের কত কিছুই না দিচ্ছে; প্রকৃতির প্রতিও আমাদের অনেক কিছু দেওয়ার আছে। প্রকৃতিকে ভালোবাসা, তার যত্ন নেওয়া এবং রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।”

অনুষ্ঠানটি পরিবেশ ও নদী সংরক্ষণে অবদান রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম, পরিবেশসচেতনতা এবং নদী রক্ষার দায়িত্ববোধ জাগ্রত করার একটি তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।