জাতীয়
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে স্থানীয় আইনকানুন কঠোরভাবে মেনে চলার কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে ভিড়ভাট্টা ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলো এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের নিজেদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে বলা হয়েছে।
দূতাবাস জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে যেকোনো ধরনের ছবি, ভিডিও বা তথ্য মুঠোফোনে রাখা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ। তাই ফেসবুক, এক্স বা ইউটিউবের মতো মাধ্যমে এসব স্পর্শকাতর কনটেন্ট প্রকাশ বা আদান-প্রদান থেকে বিরত থাকতে বলা হয়েছে।
প্রয়োজনীয় যোগাযোগের জন্য হটলাইন নম্বর চালু করেছে দূতাবাস। শ্রমসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৫, পাসপোর্টের জন্য ৮০০১০০০১২৬, ডিপ্লোমেটিক উইংয়ের জন্য ৮০০১০০০১২৪ এবং মৃত্যুসংক্রান্ত তথ্যের জন্য +৯৬৬৫৭০২১২১৮০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
