জাতীয়
২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলার রিয়াদ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় আগামী ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সোমবার (১২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান বিমান সংস্থাটি। একই সাথে হুতি বিদ্রোহীদের হামলার কারণে গত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী বিভিন্ন এয়ারলাইনসের মোট ৯টি ফ্লাইট বাতিল ছিলো বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ভ্রমণার্থীদের সাময়িক অসুবিধার জন্য তারা আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি জানিয়ে দেওয়া হবে। সে পর্যন্ত যাত্রীদের বিমানবন্দরে না গিয়ে সেলস কাউন্টার বা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
এক জরুরি ভ্রমণ বার্তায় সংস্থাটি জানায়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের BS381/BS382 (ঢাকা-রিয়াদ-ঢাকা) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলার প্রেক্ষিতে গত শনিবার থেকে সোমবার সকাল পর্যন্ত তিন দিনে বাংলাদেশ থেকে রিয়াদগামী ৯টি ফ্লাইট বাতিল করা হলো। এর ফলে ৩ হাজার ১২ জন বিমানযাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১টি, সৌদিয়ার ৩টি এবং রিয়াদ এয়ারের ৩টি ফ্লাইট ছিলো।
