প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

নাটোর থেকে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর থেকে জার্মান পর্যটকের চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার

নাটোর রেলওয়ে স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপটি উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) রাত আটটার দিকে নাটোর শহরের নিচা বাজারের নুর গার্মেন্টস নামের একটি দোকান থেকে ব্যাগসহ ল্যাপটপটি উদ্ধার করা হয়। রাত দশটার দিকে বিষয়টি সাংবাদিকদের জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন স্থাপনা ঘুরে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছান জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। স্টেশনে হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে পরিচিত হয়। একপর্যায়ে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার সময় ল্যাপটপ ও ক্যামেরাভর্তি ব্যাগটি ওই যুবকের জিম্মায় রেখে যান তিনি। ফিরে এসে তিনি দেখেন ব্যাগসহ সেই যুবক উধাও হয়ে গেছে।

হারানো মালপত্র উদ্ধারের চেষ্টায় বুধবার রাতে রাজশাহীতে যান ওই পর্যটক। রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তার থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার দুপুর আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় অবস্থান করেন। পরে সেদিন বিকালেই পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় চলে যান ক্রিল ল্যান্ডার।

এদিকে ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারীদের পুরস্কারের ঘোষণা দিয়েছিলো স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তের চেহারা শনাক্তের পর শনিবার রাতে নাটোর রেলওয়ে স্টেশনের বিভিন্ন স্থানে তার ছবিযুক্ত পোস্টার সাঁটানো হয়। এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ পুরস্কার ঘোষণার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তকে গ্রেফতারে তাদের অভিযান চলছে এবং তথ্যদাতাদের সহযোগিতা প্রত্যাশা করছেন তারা।