জাতীয়
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচটির অফ ডে প্রত্যাহার

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে তিন জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সাথে যাত্রীদের চাপ সামলাতে পাঁচ ট্রেনের অফ ডে প্রত্যাহার করা হয়েছে।
রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকা স্পেশাল-৩ চট্টগ্রাম-ঢাকা রুটে আগামী ২০ অক্টোবর চলাচল করবে। এছাড়া ট্যুরিস্ট স্পেশাল-১ ও ২ ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আগামী ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে এবং চট্টগ্রাম স্পেশাল-৪ ঢাকা-চট্টগ্রাম রুটে আগামী ২৪ অক্টোবর চলাচল করবে।
অতিরিক্ত যাত্রীর চাহিদা মেটাতে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১৯ ও ২০ অক্টোবর তারিখের অফ ডে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবর তারিখের অফ ডে প্রত্যাহার করা হয়েছে। পূজা উপলক্ষ্যে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ সার্ভিসে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
নিরাপত্তা ও সিডিউল বিপর্যয় রোধে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের নিবিড় তদারকিতে ট্রেন পরিচালিত হবে। রেলপথ পেট্রোলিংয়ের পাশাপাশি ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রিয়াল ডিউটি নিশ্চিত করা হবে।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
