প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

শেনঝো-২৪ উৎক্ষেপণ

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হয়ে যাত্রা পাকিস্তানের জিশান আলীর

জিউকুয়ান উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটের উৎক্ষেপণ
জিউকুয়ান থেকে লং মার্চ-২এফ রকেটে শেনঝো-২২ উৎক্ষেপণ। ফাইল ছবি China News Service / Wikimedia Commons (CC BY 4.0)

চীনের মহাকাশ স্টেশন তিয়ানগংয়ের উদ্দেশে রওনা হয়েছে শেনঝো-২৪ মহাকাশযান। তিন সদস্যের এই অভিযানে আছেন পাকিস্তানের নাগরিক জিশান আলী। এর মধ্য দিয়ে তিনি তিয়ানগংয়ে যাওয়া প্রথম বিদেশি নভোচারী হতে যাচ্ছেন। একই সঙ্গে তিনিই হবেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, বুধবার সকালে স্থানীয় সময় ৮টা ১৮ মিনিটে (গ্রিনিচ মান সময় ০টা ১৮ মিনিট) চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণকেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটে করে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।

৪০ বছর বয়সী জিশান আলী পেশায় একজন বৈমানিক। অভিযানে তিনি পে-লোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন। মহাকাশ স্টেশনে ৫ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা চালাবেন তিনি। অভিযানের নেতৃত্বে আছেন চীনা কমান্ডার তাং হংবো, আর ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে আছেন উ ই।

উৎক্ষেপণের আগের দিন মঙ্গলবার সাংবাদিকদের জিশান আলী বলেন, তিনি নিজের জন্য উড়ছেন না, কাঁধে পাকিস্তানের নাম বহন করছেন।

এই অভিযানের জন্য বেইজিংয়ে সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান। এ সময় নিবিড়ভাবে চীনা ভাষা শিখেছেন, রপ্ত করেছেন চীনা গান ও কবিতাও। পাশাপাশি ক্যালিগ্রাফি চর্চা করেছেন ও টেবিল টেনিস খেলেছেন তিনি।

চীন তিয়ানগংকে আন্তর্জাতিক সহযোগিতার কেন্দ্র হিসেবে তুলে ধরছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ২০৩০ সালের মধ্যে অবসরে যেতে পারে।