আন্তর্জাতিক
রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

ইয়েমেনি বিদ্রোহীদের হামলার মুখে দীর্ঘ দুই সপ্তাহ কার্যক্রম বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবশেষে বিমান চলাচল শুরু হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে রিয়াদ থেকে জেদ্দার উদ্দেশে একটি ফ্লাইট ছেড়ে যাওয়ার তথ্য জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার।
এর আগে গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের জন্য টার্মিনাল ১ ও ২ প্রস্তুত করা হয়েছে। চলতি মাসের শুরুর দিকে এই বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত এবং তিনশতাধিক মানুষ আহত হন, যা বিগত এক দশকের বেশি সময়ে দেশটিতে সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।
এদিকে বিমানবন্দর চালুর পরপরই সেটি এখনো ‘অনিরাপদ’ এবং ‘সামরিক লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হুথিরা। সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারী জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব এয়ারলাইন্স, কর্মী এবং যাত্রীদের এই বিমানবন্দর ব্যবহার থেকে বিরত থাকা উচিত। তিনি উল্লেখ করেন, এটি একটি অনিরাপদ স্থান এবং আমাদের বাহিনীর সামরিক লক্ষ্যবস্তু। এছাড়া বিমানবন্দরে কোনো ধরনের কার্যক্রম পরিচালিত হলে তার সম্পূর্ণ দায় সৌদি কর্তৃপক্ষকে নিতে হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, রবিবার সকালে রিয়াদ অঞ্চলে হুথিদের ছোড়া দুটি ড্রোন সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
