আন্তর্জাতিক
২০২৮ পরিকল্পনায় বাড়ছে মামদানির প্রভাব, প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না, তবু শ্রমিক নেতাদের সঙ্গে গোপন বৈঠক

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না। তবু ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হবেন, তা ঠিক করায় বড় ভূমিকা রাখতে চাইছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দলের ভেতরে তাঁর প্রভাব দ্রুত বাড়ছে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে ডেমোক্র্যাটরা। কংগ্রেসের দুই কক্ষ, প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুটিরই নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। জিতেছে কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর পদেও। নির্বাচনের পর টেলিভিশন চ্যানেলগুলো যাঁদের মন্তব্য নিতে সবচেয়ে বেশি ছুটেছে, তাঁদের একজন মামদানি।
এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস গত রোববার জানায়, মামদানি দেশটির প্রভাবশালী শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করছেন। আলোচনার বিষয় ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রগতিশীল বা শ্রমিকবান্ধব প্রার্থীকে সমর্থন দেওয়া। আলোচনার সঙ্গে যুক্ত চারজনের বরাতে অ্যাক্সিওস জানায়, দলের প্রাথমিক বাছাইয়ে কোনো মধ্যপন্থী প্রার্থী এগিয়ে গেলে তাঁর বিরুদ্ধে দ্রুত সংগঠিত হওয়ার প্রস্তুতিও নিতে চান মামদানি।
মামদানির ঘনিষ্ঠ এক সূত্র অ্যাক্সিওসকে বলেছে, কোনো মধ্যপন্থী প্রার্থী স্পষ্টভাবে এগিয়ে গেলে মেয়র চান প্রগতিশীলরা যেন "দ্রুত, কৌশলগতভাবে ও কার্যকরভাবে" মাঠে নামেন।
গত সোমবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করেন মামদানি। তবে পছন্দের কোনো প্রার্থীর নাম বলেননি। তিনি বলেন, "ডেমোক্র্যাটদের জেতাতে সাহায্য করা আর আমরা ডেমোক্র্যাটরা যে কারণে শ্রমজীবী মানুষ আবার আমাদের ওপর আস্থা রেখেছেন, সে বিষয়ে জবাবদিহি নিশ্চিত করা—এ দুইয়ের মধ্যে কোনো বিরোধ আছে বলে আমি মনে করি না।"
গত মাসে মামদানি নিউইয়র্কের মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানশনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব পেইন্টার্স অ্যান্ড অ্যালাইড ট্রেডসের প্রেসিডেন্ট জিমি উইলিয়ামস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন। ফ্লাইট অ্যাটেনডেন্টদের সংগঠনের প্রেসিডেন্ট সারা নেলসনের সঙ্গেও বৈঠক করেছেন তিনি। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের (ইউএডব্লিউ) প্রেসিডেন্ট শন ফেইনের সঙ্গে বৈঠকের পরিকল্পনাও আছে।
কেন প্রার্থী হতে পারবেন না
মামদানির জন্ম ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায়। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউইয়র্কে আসেন। ২০১৮ সালে মার্কিন নাগরিকত্ব পান। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী জন্মসূত্রে নাগরিক না হলে কেউ প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারেন না। এ কারণে বিশ্লেষকেরা তাঁকে প্রার্থী নয়, বরং 'কিংমেকার' হিসেবে দেখছেন।
ওকাসিও-কর্টেজকে ঘিরে অনিশ্চয়তা
প্রগতিশীল শিবিরে সবচেয়ে আলোচিত নাম নিউইয়র্কের কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তবে তিনি ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়বেন, নাকি সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের বিরুদ্ধে প্রার্থী হবেন, সে সিদ্ধান্ত এখনো নেননি। অ্যাক্সিওসের খবর অনুযায়ী, তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন কি না, তা নিয়ে মামদানি নিজেও অনিশ্চিত। আর ওকাসিও-কর্টেজ না লড়লে মধ্যপন্থী প্রার্থীর বিপরীতে প্রগতিশীলদের কোনো শক্ত প্রার্থী না-ও থাকতে পারে, এমন আশঙ্কা থেকেই মামদানির এই তৎপরতা।
ওকাসিও-কর্টেজ প্রেসিডেন্ট পদে লড়লে অন্য প্রগতিশীলদের সরে দাঁড়ানো উচিত কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি মামদানি। তিনি বলেন, শ্রমজীবী মানুষের জন্য কোথায় সবচেয়ে বেশি কাজ করতে পারবেন, সেটি বিবেচনা করেই ওকাসিও-কর্টেজ সিদ্ধান্ত নেবেন।
এদিকে মধ্যবর্তী নির্বাচনের চার দিন আগে, ৩০ অক্টোবর গ্রেসি ম্যানশনে মামদানির সঙ্গে দেখা করেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্না। ২০২৮ সালের সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নামও আলোচনায় আছে। তবে মামদানি তাঁকে সমর্থন দেননি।
'মামদানি মডেল'
মধ্যবর্তী নির্বাচনে মামদানির সংগঠন ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) সমর্থিত বেশ কয়েকজন প্রার্থী জিতেছেন। মামদানির সমর্থন পাওয়া ক্লেয়ার ভালদেজ নিউইয়র্কের সপ্তম কংগ্রেশনাল আসনে জয়ী হয়েছেন। মামদানি জানিয়েছেন, এবার ডিএসএর ছয়জন সদস্য প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। মিশিগানে সিনেট আসনে জিতেছেন আবদুল এল-সায়েদ। টেক্সাসে রিপাবলিকান কেন প্যাক্সটনকে হারিয়ে জেমস তালারিকো ৩০ বছরেরও বেশি সময় পর অঙ্গরাজ্যটিতে প্রথম ডেমোক্র্যাট হিসেবে রাজ্যব্যাপী কোনো পদে জয় পেয়েছেন।
নিউইয়র্কভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যারল স্ট্রিট ক্যাম্পেইনসের প্রতিষ্ঠাতা অ্যাডিন লেঞ্চনার আল–জাজিরাকে বলেন, মামদানি জাতীয় পর্যায়ে "একটি সত্যিকারের মডেল"। তাঁর মতে, প্রগতিশীল প্রার্থীদের সাফল্যের মূলে ছিল জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি।
২০২৫ সালের মেয়র নির্বাচনের প্রচারের শুরুতে মামদানি ছিলেন কুইন্সের প্রায় অপরিচিত এক রাজ্য আইনপ্রণেতা। জনমত জরিপে তাঁর সমর্থন ছিল মাত্র ১ শতাংশের মতো। পরে দলীয় প্রাথমিক বাছাইয়ে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারান। সাধারণ নির্বাচনেও কুমো স্বতন্ত্র প্রার্থী হয়ে মামদানির কাছে হেরে যান। মামদানি নিউইয়র্কের প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। তাঁর প্রচারণার মূল বিষয় ছিল জীবনযাত্রার ব্যয়, আর অর্থ এসেছিল মূলত সাধারণ মানুষের ছোট ছোট অনুদান থেকে।
সমালোচকেরা যা বলছেন
তবে মামদানির প্রভাব নিয়ে সংশয়ও আছে। সমালোচকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয় প্রগতিশীল রাজনীতির প্রতি সমর্থন যতটা, তার চেয়ে বেশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটারদের ক্ষোভের প্রকাশ। এবার মধ্যপন্থী ডেমোক্র্যাটরাও গুরুত্বপূর্ণ আসনে জিতেছেন। ফলে দলের দুই অংশের মধ্যে টানাপোড়েন বাড়তে পারে বলে আশঙ্কা আছে।
রিপাবলিকান শিবির ও রক্ষণশীল সংবাদমাধ্যম মামদানির এই উদ্যোগকে ডেমোক্রেটিক পার্টিকে আরও বামপন্থার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হিসেবে দেখছে।
মামদানির প্রভাব দীর্ঘমেয়াদি কোনো জাতীয় আন্দোলনে রূপ নেবে কি না, তা এখনই স্পষ্ট নয়। তবে ২০২৮ সালের দলীয় বাছাই যত এগিয়ে আসবে, ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ দিক ঠিক করায় নিউইয়র্কের এই মেয়রের ভূমিকা ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
