প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

কানাডায় কমছে আন্তর্জাতিক শিক্ষার্থী, নতুন অভিবাসন পরিকল্পনায় পরিবর্তন

কানাডায় কমছে আন্তর্জাতিক শিক্ষার্থী, নতুন অভিবাসন পরিকল্পনায় পরিবর্তন

আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী কর্মী প্রবেশের লক্ষ্যমাত্রা কমিয়েছে কানাডা। তবে স্থায়ী অভিবাসীর সংখ্যা ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত বছরে ৩ লাখ ৮০ হাজার রাখার পরিকল্পনা করেছে দেশটি।

কানাডায় আন্তর্জাতিক শিক্ষার্থী ও অস্থায়ী বিদেশি কর্মী প্রবেশের সংখ্যা কমানোর পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। ২০২৬–২০২৮ সালের অভিবাসন পরিকল্পনায় নতুন শিক্ষার্থী প্রবেশের লক্ষ্যমাত্রা ২০২৬ সালে ১ লাখ ৫৫ হাজার নির্ধারণ করা হয়েছে। ২০২৭ ও ২০২৮ সালে এই লক্ষ্যমাত্রা কমিয়ে ১ লাখ ৫০ হাজার রাখার পরিকল্পনা রয়েছে। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক দপ্তরের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কানাডা সরকারের লক্ষ্য, ২০২৭ সালের শেষ নাগাদ দেশটির মোট জনসংখ্যার ৫ শতাংশের নিচে অস্থায়ী বাসিন্দার সংখ্যা নামিয়ে আনা। আবাসন, সরকারি সেবা ও অবকাঠামোর ওপর চাপ কমানোর পাশাপাশি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী অভিবাসন ব্যবস্থাকে পরিচালনা করাও এই পরিকল্পনার উদ্দেশ্য।

তিন বছরে শিক্ষার্থী প্রবেশের লক্ষ্যমাত্রা

সরকারি পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালে কানাডায় নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী প্রবেশের লক্ষ্যমাত্রা ১ লাখ ৫৫ হাজার। ২০২৭ ও ২০২৮ সালে এই সংখ্যা ১ লাখ ৫০ হাজার করে রাখার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে, নতুন অস্থায়ী বিদেশি কর্মী প্রবেশের লক্ষ্যমাত্রা ২০২৬ সালে ২ লাখ ৩০ হাজার এবং পরবর্তী দুই বছরে ২ লাখ ২০ হাজার করে।

সব মিলিয়ে নতুন অস্থায়ী বাসিন্দা প্রবেশের লক্ষ্যমাত্রা ২০২৬ সালে ৩ লাখ ৮৫ হাজার। ২০২৭ ও ২০২৮ সালে তা কমিয়ে ৩ লাখ ৭০ হাজার করার পরিকল্পনা রয়েছে। এসব লক্ষ্যমাত্রা মূলত নতুন করে আসা শিক্ষার্থী ও অস্থায়ী কর্মীদের জন্য নির্ধারিত। কানাডার ভেতরে থাকা ব্যক্তিদের অনুমতির মেয়াদ বাড়ানো বা অবস্থার পরিবর্তনের আবেদন এই লক্ষ্যমাত্রার হিসাবে একইভাবে অন্তর্ভুক্ত নয়।

স্থায়ী অভিবাসনে থাকছে স্থিতিশীল লক্ষ্য

অস্থায়ী বাসিন্দা প্রবেশের সংখ্যা কমানোর পরিকল্পনা থাকলেও স্থায়ী অভিবাসনের লক্ষ্যমাত্রা বছরে ৩ লাখ ৮০ হাজার রাখার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। ২০২৬, ২০২৭ ও ২০২৮—তিন বছরেই এই লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকার অর্থনৈতিক অভিবাসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী এবং প্রাদেশিক মনোনয়ন কর্মসূচির মাধ্যমে প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। ২০২৭ ও ২০২৮ সালে মোট স্থায়ী অভিবাসীর ৬৪ শতাংশ অর্থনৈতিক অভিবাসন বিভাগ থেকে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ২০২৬ ও ২০২৭ সালে কানাডায় আগে থেকেই বসবাস ও কাজ করছেন- এমন সর্বোচ্চ ৩৩ হাজার অস্থায়ী কর্মীর স্থায়ী আবাসনের প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটির অর্থনীতি ও স্থানীয় জনগোষ্ঠীতে অবদান রাখা দক্ষ কর্মীদের এই উদ্যোগে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সরকার।