প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

নিরাপত্তা উদ্বেগে সৌদির বড় বিনিয়োগ সম্মেলন স্থগিত

নিরাপত্তা উদ্বেগে সৌদির বড় বিনিয়োগ সম্মেলন স্থগিত

আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই) স্থগিত করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর রিয়াদে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আয়োজকেরা জানিয়েছেন, সম্মেলনের দশম আসরটি এখন ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। নতুন তারিখ শিগগির ঘোষণা করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) আয়োজকদের ঘোষণার বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

‘মরুভূমির দাভোস’ নামে পরিচিত এই সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী, ব্যাংকার, ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। সৌদি আরবের অর্থনীতি তেলনির্ভরতা থেকে বের করে পর্যটন, প্রযুক্তি, ক্রীড়া ও অন্যান্য খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর প্রচেষ্টায় সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, বিশেষ করে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এতে আন্তর্জাতিক ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সৌদি আরব সফর নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়।

ওয়াল স্ট্রিটের কয়েকটি বড় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এমন পরিস্থিতিতে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।

আয়োজকেরা জানিয়েছেন, দশম আসরটি অংশীদার, বক্তা ও প্রতিনিধিদের প্রত্যাশা অনুযায়ী আয়োজনের লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার আওতায় অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চ এই সম্মেলন। ফলে সম্মেলন স্থগিতের ঘটনা দেশটির বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নতুন করে দৃষ্টি আকর্ষণ করেছে।

সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল