প্রচ্ছদ / আন্তর্জাতিক

আন্তর্জাতিক

ইন্ডিয়া জোটের কর্মসূচিতে প্রথমবার টিভিকে

থালাপতি বিজয়

ভারতের বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’র বিক্ষোভে যোগ দিয়েছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চেন্নাইয়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে ভারতের নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করা হয়। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ তুলে এই কর্মসূচি আয়োজন করে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার পর এই প্রথম নির্বাচন কমিশনের বিরুদ্ধে জোটের কোনো বিক্ষোভে সরাসরি অংশ নিলো টিভিকে। দলটির প্রধান বিজয় নিজে কর্মসূচিতে উপস্থিত ছিলেন না। তার দলের প্রতিনিধিত্ব করেন তামিলনাড়ুর স্কুলশিক্ষামন্ত্রী এ রাজমোহন।

চেন্নাইয়ে ‘গণতন্ত্র রক্ষা’ স্লোগানে আয়োজিত এই বিক্ষোভে কংগ্রেস, বামপন্থী দলসহ জোটের একাধিক শরিক দলের নেতারা অংশ নেন। তাদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়েছে এবং এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।

টিভিকে গত ৩ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটে যোগ দেয়। ওই দিন চেন্নাইয়ে তামিলনাড়ু কংগ্রেস কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত জোটের বৈঠকে দলটির প্রতিনিধিরা অংশ নেন। এরপর জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভে টিভিকের অংশগ্রহণ তামিলনাড়ুর রাজনীতিতে বিরোধী জোটের নতুন সমীকরণ সামনে এনেছে। বিজয়ের দলের অংশগ্রহণ ছিলো সীমিত। দলের প্রধানের বদলে একজন মন্ত্রীকে পাঠানো হয়েছে। এতে জোটের কর্মসূচিতে টিভিকের সমর্থন স্পষ্ট হলেও, দলটি ভবিষ্যতে বিরোধী জোটের আন্দোলনে কতটা সক্রিয় ভূমিকা রাখবে, তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।