অর্থনীতি
চলতি মাসেই মূল বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের, ভাতা আগের হারেই

নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী চলতি মাস থেকেই বাড়তি বেতন পেতে যাচ্ছেন দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন আদেশ না আসা পর্যন্ত তাদের ভাতা প্রদান করা হবে আগের হারেই। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানানো হয়েছে।
অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা যে হারে ভাতা পাচ্ছিলেন, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সেই অনুপাতেই ভাতা পাবেন। সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সিদ্ধান্তটি প্রযোজ্য হলো।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর সরকার নতুন বেতন ও ভাতাদি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেখানে মূল বেতন কার্যকর না হওয়া পর্যন্ত প্রচলিত হারের শতকরা হিসাবে ভাতা পরিশোধের বাধ্যবাধকতা রাখা হয়েছিলো। ঘোষিত কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার এবং সর্বোচ্চ নির্ধারিত বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা করা ছিলো। গত ১ জুলাই থেকে এটি কার্যকর ধরা হলেও কয়েকটি ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় সরকার।
গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে মোট তিনটি ধাপে মূল বেতন দেওয়া হবে। চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রথম ধাপের সময়সীমা রাখা হয়েছে। দ্বিতীয় ধাপ শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি এবং শেষ ধাপ বাস্তবায়ন হবে একই বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে নতুন স্কেলে ভাতা দেওয়া শুরু হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি অক্টোবরের বেতন থেকেই কর্মচারীরা নতুন স্কেলের সুবিধা পাবেন। এ উদ্দেশ্যে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। ইতোমধ্যে অনলাইন মাধ্যমে ‘আইবাস প্লাস প্লাস’ পে ফিক্সেশন অপশনে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন সরকারি কর্মচারীরা, যা মঙ্গলবারের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
