জাতীয়
ছয় বছরের জন্য ২৫টি সরকারি জলমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত

প্রকৃত মৎস্যজীবীদের অধিকার রক্ষা, মাছের উৎপাদন বৃদ্ধি ও সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে দেশের ২৫টি সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারা প্রদানসংক্রান্ত কমিটির ৯২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ একরের বেশি আয়তনের সরকারি জলমহাল ছয় বছরের জন্য ইজারা দেওয়ার প্রস্তাব নিয়ে সভায় আলোচনা হয়। এতে মৌলভীবাজারের ১১টি, সিলেটের ১৯টি, রংপুরের একটি ও কুষ্টিয়ার তিনটিসহ চার জেলার মোট ৩৪টি জলমহালের প্রস্তাব উপস্থাপন করা হয়।
প্রস্তাবগুলো যাচাই-বাছাই শেষে ২৫টি জলমহাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভূমিমন্ত্রী বলেন, সরকারি জলমহাল ইজারা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রকৃত মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করতে উন্মুক্ত ও অনলাইনভিত্তিক ইজারা ব্যবস্থা চালু রাখা হচ্ছে। এ ব্যবস্থার মাধ্যমে মৎস্যজীবী সমবায় সমিতিগুলো সুযোগ পাবে এবং মাছের উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি প্রকৃত ও প্রান্তিক মৎস্যজীবীরা যাতে কোনো বাধা ছাড়াই ইজারা প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।
এ ছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জলমহাল ইজারার সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়।
সভায় ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কয়েকটি জেলার জেলা প্রশাসকেরা ভার্চুয়ালি সভায় যুক্ত হন।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
