প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

মাঝআকাশে দরজা খোলা এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ

মাঝআকাশে দরজা খোলা এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝআকাশে দরজা খুলে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক ভারতীয় নারীকে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন। এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, মৃত রোগীর নাম অঞ্জনা ভৌমিক। তাঁর সঙ্গে ওই উড়োজাহাজে চিকিৎসক, প্যারামেডিক ও দুই সঙ্গীসহ মোট সাতজন আরোহী ছিলেন। বিমানটি পরিচালনা করেছে এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান জানান, ৫৬ বছর বয়সী অঞ্জনা ভৌমিককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি বলেন, দুপুর ২টা ৫৫ মিনিটে ইসিজি পরীক্ষায় তাঁর হৃদস্পন্দন পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ ছিলো। চোখের মণি প্রসারিত ও স্থির ছিলো এবং আলোতে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এসব পরীক্ষার ভিত্তিতে তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে নিশ্চিত করা হয়।