জাতীয়
যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরোলেই স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি, সতর্ক করল দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থানের অনুমোদিত সময়সীমা অতিক্রম করলে ভবিষ্যতে দেশটিতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা এবং ফৌজদারি মামলার ঝুঁকি তৈরি হতে পারে। এ বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে একজন ভ্রমণকারীকে গুরুতর অভিবাসন-সংক্রান্ত পরিণতির মুখে পড়তে হতে পারে। এর মধ্যে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার ঝুঁকিও রয়েছে।
বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কনস্যুলার কর্মকর্তারা ভিসা আবেদনকারীদের অভিবাসন-সংক্রান্ত রেকর্ড পর্যালোচনা করতে পারেন। অতীতে দেশটির অভিবাসন আইন বা নিয়ম ভঙ্গের ঘটনা থাকলে তা তাঁদের বিবেচনায় আসতে পারে।
দূতাবাসের বক্তব্য অনুযায়ী, অভিবাসন-সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের অজুহাত গ্রহণযোগ্য হবে না।
যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা অবস্থানের পরিকল্পনা করা ব্যক্তিদের জন্য নির্ধারিত সময়সীমা মেনে চলা তাই গুরুত্বপূর্ণ। ভিসায় উল্লেখিত মেয়াদ এবং যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমা এক বিষয় নয়; অবস্থানের অনুমোদিত সময় নির্ধারণে সংশ্লিষ্ট অভিবাসন নথি ও কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করা প্রয়োজন।
