জাতীয়
শাহজালাল বিমানবন্দরে লাগেজের গতিবিধি দেখতে পারবেন যাত্রীরা, বসেছে ক্যামেরা ও মনিটর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়াতে আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা এবং ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর স্থাপন করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন এই ব্যবস্থার মাধ্যমে যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ নামানো থেকে শুরু করে বাছাই ও বেল্টে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপের কার্যক্রম সরাসরি দেখতে পারবেন।
শনিবার (১৭ অক্টোবর) বেবিচকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থাপিত মনিটরগুলোতে লাগেজ ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ সরাসরি সম্প্রচার করা হবে।
এর ফলে উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং লাগেজ বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখার সুযোগ পাবেন যাত্রীরা। এতে নিজেদের লাগেজ কীভাবে পরিচালিত হচ্ছে, সে সম্পর্কে তাঁরা আরও স্পষ্ট ধারণা পাবেন এবং লাগেজ সংগ্রহের বিভিন্ন পর্যায়ের তথ্য জানতে পারবেন।
বেবিচক মনে করছে, নতুন এ ব্যবস্থা লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি লাগেজ সংগ্রহের সময় যাত্রীদের উদ্বেগ ও ভোগান্তি কমবে বলে আশা করছে সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণে কাজ করছে বেবিচক। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিসহ দেশি-বিদেশি সব যাত্রী যাতে ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাঁদের লাগেজ সংগ্রহ করতে পারেন, সে বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান উন্নত করার ক্ষেত্রে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে সংস্থাটি।
