প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান, জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর

টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান, জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর

নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানো ও জ্বালানি সাশ্রয়ে উদ্ভাবনী ধারণা খুঁজতে ‘স্ফুরণ- টেকসই জ্বালানি উদ্ভাবনের সন্ধানে’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারের বিদ্যুৎ বিভাগ। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিদ্যুৎ-জ্বালানি খাতের পেশাজীবীরা অংশ নিতে পারবেন। ধারণা জমা দেওয়ার শেষ সময় ২৫ অক্টোবর।

শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করেছে। জার্মান উন্নয়ন সহযোগিতা সংস্থা জিআইজেড কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

প্রতিযোগিতার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন এবং ১৫ শতাংশ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক বাস্তবসম্মত ধারণা খুঁজে বের করা।

প্রতিযোগিতায় দুটি বিভাগ রয়েছে। ‘গ্রুপ এ’-তে দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী দল গঠন করে অংশ নিতে পারবেন। ‘গ্রুপ বি’-তে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীরা এককভাবে অংশ নিতে পারবেন।

নবায়নযোগ্য জ্বালানি বিভাগে সৌরবিদ্যুৎ, স্মার্ট সৌর সেচ, অফ-গ্রিড ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিডের আধুনিকায়ন, জ্বালানি সংরক্ষণ, বায়ুবিদ্যুৎ এবং ভাসমান সৌরবিদ্যুৎ নিয়ে ধারণা জমা দেওয়া যাবে। এ ছাড়া দেশীয় সৌর প্যানেল ও ইনভার্টার উৎপাদন এবং কৃষিজমিতে সৌরবিদ্যুতের কার্যকর ব্যবহার নিয়েও প্রস্তাব দেওয়া যাবে।

জ্বালানি সাশ্রয় বিভাগে পরিচ্ছন্ন রান্নার ব্যবস্থা, জ্বালানি দক্ষতা পর্যবেক্ষণের ডিজিটাল সরঞ্জাম, বৈদ্যুতিক যান ও চার্জিং ব্যবস্থা, ভবনের জ্বালানি দক্ষতা এবং বিদ্যুৎ সাশ্রয়ী শীতলীকরণ প্রযুক্তি নিয়ে ধারণা জমা দেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি বিদ্যুতের চাহিদা ব্যবস্থাপনা, পুরোনো স্থাপনার আধুনিকায়ন ও নীতিগত প্রস্তাবও বিবেচিত হবে।

অংশগ্রহণকারীদের সর্বোচ্চ এক হাজার শব্দের একটি কনসেপ্ট নোট এবং ধারণার বাস্তবায়নযোগ্যতা ও সম্ভাব্য প্রভাব তুলে ধরে সর্বোচ্চ তিন মিনিটের ভিডিও জমা দিতে হবে।

আগ্রহীরা প্রতিযোগিতার ওয়েবসাইটে নিবন্ধন করে তাঁদের ধারণা জমা দিতে পারবেন। বিস্তারিত নির্দেশনা ও আবেদনের শর্তও সেখানে পাওয়া যাবে।