প্রচ্ছদ / জাতীয়

জাতীয়

ঢাকা-সৌদি দুই রুটে ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ, বিকল্প জেদ্দা-মদিনা

ঢাকা-সৌদি দুই রুটে ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ, বিকল্প জেদ্দা-মদিনা

সৌদি আরবে বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলা ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে এয়ারলাইন্সটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, বাংলাদেশের সময় ও তারিখ হিসাব করে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত নির্ধারিত এসব রুটে কোনো উড্ডয়ন পরিচালিত হবে না। পরবর্তী সিদ্ধান্ত ও সময়সূচির যেকোনো পরিবর্তন সঠিক সময়ে যাত্রীদের কাছে পৌঁছানো হবে বলে জানান বিমান কর্তৃপক্ষ।

তবে এই জরুরি পরিস্থতিতে যাত্রীদের জরুরি যাতায়াত বজায় রাখতে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থা। সৌদিগামী যাত্রীদের আপাতত জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত সম্পন্ন করার কথা বলা হয়েছে।

ফ্লাইট স্থগিতের ফলে তৈরি হওয়া যাত্রীদের বাড়তি চাপ সামলাতে মদিনা রুটে চলাচলের সক্ষমতা বাড়ানো হয়েছে। পূর্বে নির্ধারিত বোয়িং ৭৮৭ মডেলের উড়োজাহাজের স্থানে বড় আকারের বোয়িং ৭৭৭ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রতি যাত্রায় অতিরিক্ত ১৪৮টি করে আসন বৃদ্ধির সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে জেদ্দা রুটে যাত্রীদের সুবিধার্থে নতুন করে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট চালুর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।