জাতীয়
নতুন বিধিমালা না আসা পর্যন্ত স্থানীয় সরকারের সব দরপত্র স্থগিত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আওতায় কাজ, সেবা ও পণ্য কেনার সব ধরনের নতুন দরপত্র ও ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের বিধিমালা তৈরি এবং নতুন দরতালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিভাগের সিনিয়র সহকারী সচিব এ বি এম আরিফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর আওতায় নতুন বিধিমালা প্রণয়ন এবং রেট শিডিউল প্রকাশের আগপর্যন্ত সংশ্লিষ্ট সব কাজ, সেবা ও পণ্য সরবরাহের দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া বন্ধ রাখতে হবে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
নির্দেশনার অনুলিপি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভার প্রশাসক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর অধীনে নতুন কাজের দরপত্র আহ্বান, সেবা কেনা এবং পণ্য সংগ্রহের প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ থাকবে। এতে নতুন উন্নয়নকাজের দরপত্র ও সংশ্লিষ্ট ক্রয় কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
তবে আগে থেকেই কার্যাদেশ পাওয়া কাজ কিংবা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে এসব প্রকল্পের কাজ আগের নিয়মে চলবে কি না, তা নিয়েও নির্দেশনাটিতে স্পষ্ট ব্যাখ্যা নেই।
এ ছাড়া নতুন বিধিমালা ও দরতালিকা প্রকাশের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। ফলে স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে এবং চলমান ক্রয়প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ভর করছে পরবর্তী নির্দেশনা ও সংশ্লিষ্ট বিধিমালা প্রকাশের ওপর।
