প্রচ্ছদ / বিনোদন

বিনোদন

এআই দিয়ে তৈরি তুর্কি সিনেমার স্বত্ব কিনল প্রাইম ভিডিও

এআই দিয়ে তৈরি তুর্কি সিনেমার স্বত্ব কিনল প্রাইম ভিডিও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি তুর্কি সিনেমা ‘চুকুর: ভারতোলু’র বিশ্বব্যাপী স্বত্ব কিনেছে অ্যামাজনের স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রাইম ভিডিও। জনপ্রিয় তুর্কি সিরিজ ‘চুকুর’–এর গল্প অবলম্বনে তৈরি সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান আয় ইয়াপিম।

বিনোদনবিষয়ক মার্কিন সাময়িকী ভ্যারাইটির ১০ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটি নির্মাণ করেছে আয় ইয়াপিমের এআইভিত্তিক স্টুডিও এআই ইয়াপিম। এর আগে প্রতিষ্ঠানটি ‘ক্যাসল ওয়ালস’ নামে এআই দিয়ে তৈরি একটি ঐতিহাসিক নাটক প্রকাশ করেছিল।

‘চুকুর: ভারতোলু’ সিনেমায় মূল সিরিজের অন্যতম চরিত্র ভার্তোলু সাদেত্তিনের অতীত তুলে ধরা হয়েছে। গল্পে দেখা যাবে, শৈশবে মা ও দাদাকে হারানোর পর কীভাবে একাকী বেড়ে ওঠে সালিহ নামের এক শিশু। বাবার স্বীকৃতির অপেক্ষা একসময় তাকে প্রতিশোধের পথে নিয়ে যায়। পরে সেই সালিহই হয়ে ওঠে ভার্তোলু।

গল্পের একাংশের পটভূমি পূর্ব তুরস্কের দোগুবায়াজিত অঞ্চল। অন্য অংশে দেখা যাবে ইস্তাম্বুলে তার জীবনের পরবর্তী সময়ের ঘটনা। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, হারানোর বেদনা ও প্রতিশোধের গল্প সিনেমাটির মূল বিষয়।

প্রতিটি দৃশ্য তৈরি হয়েছে এআই দিয়ে

সিনেমাটির বিশেষত্ব হলো, এর প্রতিটি দৃশ্য এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে। চরিত্রের চেহারা থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ ও পটভূমি তৈরিতেও ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

তবে সিনেমাটিতে মানুষের অংশগ্রহণও রয়েছে। অভিনয়শিল্পীরা দৃশ্যগুলোতে অভিনয় করেছেন। তাঁদের অঙ্গভঙ্গি, সময়জ্ঞান ও অভিব্যক্তির ওপর ভিত্তি করে এআই দিয়ে পর্দার চরিত্র তৈরি করা হয়েছে। সংলাপও রেকর্ড করেছেন মানুষের কণ্ঠশিল্পীরা।

নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, এ প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি টেলিভিশন সিরিজের গল্পকে এআইনির্ভর চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে। এর আগে ‘ক্যাসল ওয়ালস’ দিয়ে এআইভিত্তিক নির্মাণের পরীক্ষা চালিয়েছিল প্রতিষ্ঠানটি।

বিশ্বজুড়ে জনপ্রিয় ‘চুকুর’

২০১৭ সালে প্রচার শুরু হওয়া ‘চুকুর’ তুরস্কের অন্যতম জনপ্রিয় টেলিভিশন সিরিজ। আয় ইয়াপিমের তথ্য অনুযায়ী, সিরিজটি বিশ্বের ১০৫টি দেশে প্রচারিত হয়েছে। এর আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে মোট ভিডিও দেখার সংখ্যা ৬৪০ কোটির বেশি।

সিরিজটির গল্পে ইস্তাম্বুলের একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়ে কোচোভালি পরিবারের দ্বন্দ্ব, পারিবারিক আনুগত্য ও অপরাধজগতের নানা ঘটনা উঠে এসেছে। নতুন সিনেমাটি মূল সিরিজের গল্প পুনরাবৃত্তি না করে ভার্তোলু চরিত্রের অতীতকে কেন্দ্র করে নির্মিত হয়েছে।

প্রাইম ভিডিওর সঙ্গে চুক্তির ফলে সিনেমাটি আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছে। তবে সিনেমাটি কবে থেকে দেখা যাবে, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে নির্দিষ্ট মুক্তির তারিখ জানানো হয়নি।

এআই দিয়ে নির্মিত সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠান নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ বাড়ছে। ‘চুকুর: ভারতোলু’ সেই ধারায় আরেকটি উল্লেখযোগ্য উদ্যোগ, যেখানে পরিচিত একটি গল্পকে নতুন প্রযুক্তির মাধ্যমে পর্দায় তুলে ধরা হয়েছে।