বিনোদন
ধর্মীয় বিশ্বাস নিয়ে মুখ খুললেন শাবানা আজমি

ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। মুসলিম পরিচয় থাকলেও তিনি নিয়মিত নামাজ পড়েন না বলে জানিয়েছেন। তাঁর মতে, ধর্ম মানুষের ব্যক্তিগত বিষয়, এতে রাষ্ট্রের হস্তক্ষেপ করা উচিত নয়।
সম্প্রতি আইআইএমইউএনের ইউটিউব চ্যানেলে এক আলাপচারিতায় নিজের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক পরিবেশ এবং স্বামী জাভেদ আখতারের নাস্তিকতা নিয়ে কথা বলেন শাবানা। তাঁর বক্তব্য নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
শাবানা জানান, তাঁর বাবা ও বিখ্যাত উর্দু কবি কাইফি আজমি ছিলেন নাস্তিক। অন্যদিকে তাঁর মা শওকত আজমি কিছু ধর্মীয় রীতিনীতি পালন করলেও ধর্মচর্চার বিষয়ে খুব বেশি কঠোর ছিলেন না। ফলে ছোটবেলা থেকেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে তাঁর গভীর কোনো সম্পর্ক গড়ে ওঠেনি।
নিজের পরিচয় তুলে ধরে অভিনেত্রী বলেন, তিনি মুসলিম এবং ঈদ, উর্দু ভাষা ও মুসলিম সংস্কৃতি পছন্দ করেন। তবে তাঁরা নামাজ পড়েন না এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের সঙ্গে তাঁদের তেমন সম্পৃক্ততা নেই।
দৈনন্দিন কথাবার্তায় ‘মাশাআল্লাহ’ ও ‘ইনশাআল্লাহ’ বলার প্রসঙ্গও তুলে ধরেন শাবানা। তাঁর স্বামী জাভেদ আখতার এসব শব্দ ব্যবহারের কারণ জানতে চান বলে জানান তিনি। তবে শাবানার মতে, শব্দগুলো তাঁর ভাষা ও সাংস্কৃতিক অভ্যাসের অংশ।
জাভেদ আখতারকে দৃঢ় নাস্তিক হিসেবে বর্ণনা করে শাবানা বলেন, কেউ ধর্মীয় চর্চার মাধ্যমে মানসিক শান্তি পেলে তাতে আপত্তির কিছু নেই। তাঁর মতে, অন্যের বিশ্বাসকে সম্মান করা প্রয়োজন। তবে জাভেদ আখতারের যুক্তি, ধর্মবিশ্বাসীরা যদি তাঁর নাস্তিকতার কারণে আপত্তি তোলেন, তাহলে নিজের অবস্থান প্রকাশ করার অধিকার তাঁরও রয়েছে।
ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক নিয়েও নিজের মত জানিয়েছেন শাবানা। তাঁর বক্তব্য, ঈশ্বরের ধারণা ও ধর্মীয় বিশ্বাস একান্ত ব্যক্তিগত বিষয়। কেউ প্রার্থনা করে শান্তি পেলে তাতে তাঁর আপত্তি নেই। তবে কে কীভাবে ধর্ম পালন করবেন, সেই সিদ্ধান্ত ব্যক্তির নিজের হওয়া উচিত।
ধর্মীয় বিশ্বাস নিয়ে শাবানা ও জাভেদ আখতারের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য থাকলেও তাঁদের বক্তব্যে ব্যক্তিগত স্বাধীনতা ও পারস্পরিক সহনশীলতার বিষয়টি উঠে এসেছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, মানিকন্ট্রোল ও রেডিফের প্রতিবেদন।
