বিনোদন
‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন সামিরা খান মাহি

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতেছেন ছোটপর্দার অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। এর মধ্য দিয়ে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ী হিসেবে মাহির নাম ঘোষণা করা হয়। গত বছরের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।
বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। অনুষ্ঠানে অভিনেত্রী তমা মির্জা, দীঘি, নির্মাতা মেহেদী হাসান হৃদয়সহ বিনোদন অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি এবং বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
আয়োজকদের তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর থেকে পুয়ের্তো রিকোতে শুরু হতে যাওয়া ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিরা খান মাহি। প্রতিযোগিতাটির চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২৪ নভেম্বর।
এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন তানজিয়া জামান মিথিলা। বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেরা ৩০-এ জায়গা করে নেন। মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় বাংলাদেশের এটিই ছিল প্রথমবারের মতো স্থান অর্জন। পাশাপাশি পিপলস চয়েস বিভাগেও শীর্ষস্থান অর্জন করেছিলেন মিথিলা।
এবার মিথিলার উত্তরসূরি হিসেবে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি।
