বিনোদন
‘ক্রেজি রিচ এশিয়ানস’ ফিরছে এইচবিওর সিরিজ হয়ে

৮ বছর পর আবার পর্দায় ফিরছে হলিউডের জনপ্রিয় রোমান্টিক কমেডি সিনেমা ‘ক্রেজি রিচ এশিয়ানস’। এবার সিনেমা নয়, ৮ পর্বের একটি ড্রামা সিরিজ হিসেবে দর্শকদের সামনে আসছে এর পরবর্তী গল্প। সিরিজটি তৈরি করছে যুক্তরাষ্ট্রের বিনোদনমাধ্যম এইচবিও।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে এইচবিও। এতে ২০১৮ সালের মূল সিনেমার কয়েকজন অভিনয়শিল্পীও ফিরছেন। কনস্ট্যান্স উ, হেনরি গোল্ডিং ও রনি চিয়েং নিয়মিত চরিত্রে অভিনয় করবেন। অস্কারজয়ী অভিনেত্রী মিশেল ইয়োকে দেখা যাবে নিয়মিত অতিথি চরিত্রে। খবর সিএনএর।
সিরিজটির গল্প এগোবে আগের সিনেমার ঘটনার পর থেকে। সিঙ্গাপুরের ধনকুবের পরিবার, তাদের সম্পর্ক, পারিবারিক দ্বন্দ্ব ও বিলাসবহুল জীবনযাপন ঘিরে এগোবে কাহিনি। মূল সিনেমার সহলেখক অ্যাডেল লিম এবার সিরিজটির শোরানার ও নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। লেখক কেভিন কোয়ান এবং সিনেমাটির পরিচালক জন এম চুও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন।
কেভিন কোয়ানের বেস্টসেলার উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ক্রেজি রিচ এশিয়ানস’ মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমাটিতে চীনা বংশোদ্ভূত মার্কিন অধ্যাপক র্যাচেল চুর গল্প দেখানো হয়। প্রেমিক নিক ইয়ংয়ের সঙ্গে সিঙ্গাপুরে গিয়ে তিনি জানতে পারেন, নিক দেশটির অন্যতম ধনী পরিবারের সন্তান। এরপর নিকের পরিবার ও অভিজাত সমাজের নানা জটিলতার মুখোমুখি হতে হয় তাকে।
মুক্তির পর সিনেমাটি বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এবার সিরিজের মাধ্যমে সেই গল্পের পরবর্তী অধ্যায় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে এইচবিও। ২০২৭ সালে সিরিজটির নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রচারের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
