বিনোদন
‘সাইবারপাঙ্ক ২০৭৭’ নিয়ে লাইভ-অ্যাকশন সিনেমা বানাচ্ছে প্যারামাউন্ট

জনপ্রিয় ভিডিও গেম ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ অবলম্বনে লাইভ-অ্যাকশন সিনেমা তৈরি করছে হলিউডের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স। প্রকল্পে গেমটির নির্মাতা প্রতিষ্ঠান সিডি প্রজেক্ট রেডের পাশাপাশি প্রযোজক হিসেবে যুক্ত হচ্ছেন লরেঞ্জো ডি বোনাভেনচুরা, যিনি ‘ট্রান্সফরমার্স’ চলচ্চিত্র সিরিজের জন্য পরিচিত।
বিনোদনবিষয়ক সংবাদমাধ্যম ডেডলাইনের প্রতিবেদনের বরাতে শুক্রবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিনেমাটির মুক্তির তারিখ, অভিনয়শিল্পী ও কাহিনির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
সিডি প্রজেক্ট রেডের সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা মিখাল নোভাকোভস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্যারামাউন্টের সঙ্গে অংশীদারত্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, সাইবারপাঙ্ক ফ্র্যাঞ্চাইজির সৃজনশীল পরিকল্পনার সঙ্গে প্যারামাউন্টের ভাবনার মিল রয়েছে। উপযুক্ত সময়ে প্রকল্পটি সম্পর্কে আরও বিস্তারিত জানানোর কথাও বলেছেন তিনি।
২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘সাইবারপাঙ্ক ২০৭৭’ একটি ওপেন-ওয়ার্ল্ড অ্যাকশন রোল-প্লেয়িং গেম। এর গল্পের পটভূমি ভবিষ্যতের কাল্পনিক শহর নাইট সিটি, যেখানে প্রযুক্তি, সাইবারনেটিক উন্নয়ন ও ক্ষমতাধর করপোরেশন মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে। গেমটিতে খেলোয়াড়েরা ‘ভি’ নামের এক ভাড়াটে যোদ্ধার ভূমিকায় খেলেন। জনপ্রিয় অভিনেতা কিয়ানু রিভস গেমটিতে জনি সিলভারহ্যান্ড চরিত্রে অভিনয় ও কণ্ঠ দিয়েছেন।
প্রাথমিক পর্যায়ে নানা প্রযুক্তিগত সমস্যার মুখে পড়লেও গেমটি পরে ব্যাপক জনপ্রিয়তা পায়। রয়টার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩ জুলাই পর্যন্ত ‘সাইবারপাঙ্ক ২০৭৭’-এর বিক্রি ৪ কোটি কপি ছাড়িয়েছিল। এর সম্প্রসারণ সংস্করণ ‘ফ্যান্টম লিবার্টি’ বিক্রি হয়েছিল দেড় কোটি কপি।
ভিডিও গেম থেকে চলচ্চিত্র নির্মাণের প্রবণতার মধ্যে প্যারামাউন্টের এই উদ্যোগ নতুন সংযোজন। তবে সিনেমাটি গেমের মূল কাহিনি অনুসরণ করবে, নাকি একই জগতের নতুন কোনো গল্প তুলে ধরবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
