বিনোদন
শাহরুখ খানের মতো রোমান্টিক পুরুষ নেই, আক্ষেপ মৃণাল ঠাকুরের

বলিউডের রোমান্টিক সিনেমা দেখে ভালোবাসা নিয়ে নিজের মধ্যে বিশেষ প্রত্যাশা তৈরি হয়েছে অভিনেত্রী মৃণাল ঠাকুরের। আর সেই প্রত্যাশার কেন্দ্রে রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। পর্দায় শাহরুখের রোমান্টিক চরিত্রগুলো এতটাই প্রভাব ফেলেছে যে বাস্তব জীবনে তাঁর মতো কাউকে না পাওয়ার আক্ষেপও মজার ছলে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের অভিনীত সিনেমা ‘পূজা মেরি জান’ নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ খানের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান মৃণাল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের পর্দার প্রেমিক চরিত্রগুলো মৃণালের ভালোবাসা সম্পর্কে ধারণা তৈরিতে প্রভাব ফেলেছে।
মৃণাল মজার ছলে বলেন, তাঁর জীবনে শাহরুখ খান নেই- এটা ভাবলেই তাঁর মন খারাপ হয়। অভিনেতার পর্দার রোমান্টিক চরিত্রগুলো ভালোবাসার মানদণ্ড এতটাই উঁচুতে নিয়ে গেছে যে এখন পর্যন্ত তেমন কাউকে খুঁজে পাননি তিনি।
শুধু শাহরুখের প্রতি মুগ্ধতা প্রকাশই নয়, বলিউডের প্রেমের গল্পগুলো বাস্তব জীবনের সম্পর্ককে কীভাবে প্রভাবিত করে, সে বিষয়েও কথা বলেছেন মৃণাল। তাঁর মতে, অতীতে অনেক জনপ্রিয় সিনেমায় প্রেমের যে ধারণা তুলে ধরা হয়েছে, সেগুলোর কিছু বিষয় এখন নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে। সময় বদলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার ঘটেছে, আর সম্পর্কের ক্ষেত্রে সম্মতি ও পারস্পরিক যোগাযোগের গুরুত্বও বেড়েছে।
মৃণালের সাম্প্রতিক সিনেমা ‘পূজা মেরি জান’-এও সম্পর্ক, প্রত্যাখ্যান এবং নারীর নিজের সিদ্ধান্ত জানানোর অধিকার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সিনেমাটিতে হুমা কুরেশির সঙ্গে অভিনয় করেছেন তিনি। গল্পে সম্পর্কের জটিলতা ও অনাকাঙ্ক্ষিত মনোযোগের মুখে নারীর অবস্থান তুলে ধরা হয়েছে।
অভিনেত্রীর মতে, ভালোবাসার গল্প শুধু রোমান্টিক মুহূর্তে সীমাবদ্ধ থাকলে চলে না; সেখানে মানুষের অনুভূতি, সীমারেখা এবং একে অপরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাও গুরুত্বপূর্ণ।
মৃণাল ঠাকুর টেলিভিশন থেকে চলচ্চিত্রে এসে নিজের অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়েছেন। ‘সীতা রামম’, ‘সুপার থার্টি’সহ বিভিন্ন ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি। সাম্প্রতিক কাজেও সম্পর্ক ও সামাজিক বাস্তবতার মতো বিষয় তুলে ধরছেন এই অভিনেত্রী।
সূত্র: ইন্ডিয়া টুডে
