প্রচ্ছদ / বিনোদন

বিনোদন

‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে আক্ষেপ নেহার, হাতছাড়া করেছিলেন সামরিক অভিযানভিত্তিক সিরিজও

নেহা ধুপিয়া

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া ক্যারিয়ারের দুটি বড় সুযোগ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চাক দে! ইন্ডিয়া’ এবং সামরিক অভিযানভিত্তিক ওয়েব সিরিজ ‘অপারেশন সাফেদ সাগর’-এ কাজের প্রস্তাব পেয়েও সেগুলো গ্রহণ করেননি তিনি। সম্প্রতি নিজের চ্যাট শোতে পুরোনো সেই সিদ্ধান্তের কথা তুলে ধরেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, স্বামী অঙ্গদ বেদির সঙ্গে যৌথভাবে উপস্থাপনা করা ‘ডাবল ডেট’ নামের চ্যাট শোতে একটি বোর্ড গেম পর্বে অংশ নিয়ে বিষয়টি নিয়ে কথা বলেন নেহা।

অভিনেত্রী জানান, পেছনে ফিরে তাকালে কখনো কখনো প্রত্যাখ্যান করা সুযোগগুলোর গুরুত্ব নতুন করে উপলব্ধি করা যায়। ‘চাক দে! ইন্ডিয়া’ ও ‘অপারেশন সাফেদ সাগর’ তাঁর কাছে তেমনই দুটি সুযোগ, যেগুলোর কথা এখনো মনে পড়ে।

নেহার কথায়, তিনি সব সময় একটি ভালো ক্রীড়াভিত্তিক সিনেমা এবং সামরিক বাহিনীকে কেন্দ্র করে নির্মিত গল্পে অভিনয় করতে চেয়েছিলেন। কিন্তু এই দুটি প্রকল্পে কাজের সুযোগ পেয়েও তা গ্রহণ করেননি।

যে সিনেমা আজও দর্শকের মনে

২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চাক দে! ইন্ডিয়া’ পরিচালনা করেন শিমিত আমিন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে শাহরুখ খান অভিনয় করেন কবির খান চরিত্রে। গল্পে তিনি ভারতীয় নারী হকি দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে দলকে সাফল্যের পথে এগিয়ে নেন।

দলগত সংহতি, আত্মবিশ্বাস ও প্রতিকূলতা জয় করার গল্পের কারণে সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করে। সিনেমাটিতে বিদ্যা মালভাদে, শিলপা শুক্লা, সাগরিকা ঘাটগে ও চিত্রাশি রাওয়াতসহ আরও অনেকে অভিনয় করেন। ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।

‘অপারেশন সাফেদ সাগর’ও ফিরিয়ে দিয়েছিলেন নেহা

নেহা যে দ্বিতীয় প্রকল্পটির কথা উল্লেখ করেছেন, সেটি ‘অপারেশন সাফেদ সাগর’। ২০২৬ সালে মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজের গল্পের পটভূমি ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ওই যুদ্ধে ভারতীয় বিমানবাহিনীর অভিযান।

সামরিক অভিযানভিত্তিক এই সিরিজেও কাজের প্রস্তাব পেয়েছিলেন নেহা। কিন্তু সেটিও গ্রহণ করেননি তিনি। নিজের পছন্দের দুটি ঘরানার প্রকল্পে কাজের সুযোগ হারানোর বিষয়টি এখন তাঁর কাছে অপূর্ণতা হয়ে রয়েছে।

তবে কেন ওই সময় প্রকল্প দুটি ফিরিয়ে দিয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি অভিনেত্রী।

‘চাক দে! ইন্ডিয়া’র মতো প্রশংসিত সিনেমা এবং ‘অপারেশন সাফেদ সাগর’-এর মতো সামরিক প্রেক্ষাপটের সিরিজে অভিনয়ের সুযোগ হাতছাড়া করার কথা প্রকাশ্যে এনে নেহা ধুপিয়া আবারও আলোচনায় এসেছেন। তাঁর এই স্বীকারোক্তি বলিউডে একজন অভিনয়শিল্পীর ক্যারিয়ার-সিদ্ধান্ত ও হারানো সুযোগ নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি ও মানিকন্ট্রোল