প্রচ্ছদ / বিনোদন

বিনোদন

পোশাক নিয়ে আপত্তি, কারিশমার সঙ্গে শুটিং করতে চাননি সালমান

পোশাক নিয়ে আপত্তি, কারিশমার সঙ্গে শুটিং করতে চাননি সালমান

একটি পোশাককে কেন্দ্র করে শুটিং বন্ধ করে দিয়েছিলেন সালমান খান। বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের স্মৃতিচারণে উঠে এসেছে প্রায় ২৬ বছর আগের সেই ঘটনা। সম্প্রতি করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’-এ পুরোনো দিনের গল্প বলতে গিয়ে বিষয়টি সামনে আনেন দুই তারকা।

২০০০ সালে মুক্তি পাওয়া ‘দুলহান হাম লে জায়েঙ্গে’ সিনেমার শুটিংয়ের সময় ঘটনাটি ঘটেছিল। কারিশমা জানান, সিনেমার একটি গানের জন্য বেছে নেওয়া পোশাকটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু সেটে পোশাকটি দেখে আপত্তি জানান সালমান। এমনকি ওই পোশাকে কারিশমার সঙ্গে শট দিতেও রাজি হননি তিনি।

কারিশমার ভাষ্য অনুযায়ী, সালমান তাকে পোশাক পরিবর্তন করতে বলেছিলেন। বিষয়টি নিয়ে বিরক্ত হয়ে তিনি সিনেমাটির পরিচালক ডেভিড ধাওয়ানের কাছে অভিযোগও করেন। কারিশমা জানান, তখন তাদের মধ্যে প্রায়ই এমন খুনসুটি ও তর্ক হতো।

করণ জোহর জানতে চান, পোশাকটি বেশি খোলামেলা হওয়ায় সালমান আপত্তি জানিয়েছিলেন কি না। কারিশমা জানান, পোশাকটি ছিল বেশ ছোট ও শরীরের সঙ্গে লেগে থাকা ধরনের।

তবে সালমান নিজের অবস্থান ব্যাখ্যা করে বলেন, নাচের সময় পোশাকটি বারবার ওপরে উঠে যাচ্ছিল। তাই প্রতিটি শটের আগে কারিশমাকে পোশাকটি ঠিক করে নিতে বলতেন তিনি। পোশাকটির কিছু অংশ স্বচ্ছ ছিল বলেও জানান অভিনেতা।

কারিশমা অবশ্য স্বীকার করেন, সালমান তার বিষয়ে বেশ সুরক্ষামূলক আচরণ করতেন। পোশাক নিয়ে সেই পুরোনো মতবিরোধের গল্প বলতে গিয়ে দুই তারকার কথোপকথনে উঠে আসে তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও।

‘দুলহান হাম লে জায়েঙ্গে’ পরিচালনা করেছিলেন ডেভিড ধাওয়ান। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমাটিতে সালমান ও কারিশমার জুটি দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছিল। তাদের একসঙ্গে অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘জুড়ুয়া’, ‘বিবি নম্বর ওয়ান’ ও ‘হাম সাথ সাথ হ্যায়’।

দুই দশকেরও বেশি সময় আগের এই ঘটনা নতুন করে আলোচনায় এসেছে মূলত তারকাদের নিজেদের মুখে বলা স্মৃতির কারণে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া।