প্রচ্ছদ / বিনোদন

বিনোদন

নেটফ্লিক্সে ফিরছে ‘ভিক্টোরিয়াস’ জগতের গল্প, আসছে ‘হলিউড আর্টস’

নেটফ্লিক্সে ফিরছে ‘ভিক্টোরিয়াস’ জগতের গল্প, আসছে ‘হলিউড আর্টস’

দীর্ঘ এক দশকের বেশি সময় পর আবারও ফিরছে জনপ্রিয় কিশোর ধারাবাহিক ‘ভিক্টোরিয়াস’-এর পরিচিত জগৎ। এই ধারাবাহিকের গল্পের সূত্র ধরে তৈরি নতুন সিরিজ ‘হলিউড আর্টস’ আগামী ১৫ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ‘ভিক্টোরিয়াস’ কিশোর দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। গান, অভিনয় ও হাস্যরসের মিশেলে তৈরি এই ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছিল হলিউড আর্টস নামের একটি পারফর্মিং আর্টস স্কুলের শিক্ষার্থীদের ঘিরে।

নতুন সিরিজে পুরোনো ধারাবাহিকের পরিচিত চরিত্র ট্রিনা ভেগার ভূমিকায় ফিরছেন অভিনেত্রী ড্যানিয়েলা মোনে। এবার অবশ্য তাঁকে শিক্ষার্থীর ভূমিকায় নয়, দেখা যাবে শিক্ষকের ভূমিকায়।

সিরিজের গল্পে, অভিনয়ে বড় কোনো সাফল্য না পাওয়া ট্রিনা নিজের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান হলিউড আর্টসে বিকল্প শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার আনুষ্ঠানিক যোগ্যতা না থাকলেও নতুন প্রজন্মের প্রতিভাবান শিক্ষার্থীদের সঙ্গে কাজ করতে গিয়ে নানা মজার ও জটিল পরিস্থিতির মুখোমুখি হন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বপ্নপূরণেও ভূমিকা রাখতে শুরু করেন।

নতুন সিরিজে ড্যানিয়েলা মোনের সঙ্গে অভিনয় করছেন অ্যালিসা মাইলস, এমিলি লিউ-ওয়াং, পেটন জ্যাকসন, এরিকা সোয়েজি ও মার্টিন কাম। এ ছাড়া পুরোনো ধারাবাহিকের আরেক পরিচিত মুখ ম্যাট বেনেটকেও দেখা যাবে বলে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে।

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, নতুন সিরিজটি পুরোনো দর্শকদের স্মৃতির সঙ্গে নতুন প্রজন্মের গল্পকে যুক্ত করার চেষ্টা করবে। এতে থাকছে নতুন চরিত্র, সংগীত, হাস্যরস এবং তারকা হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা তরুণদের নানা অভিজ্ঞতা।

‘হলিউড আর্টস’ নির্মিত হয়েছে প্যারামাউন্ট টেলিভিশন স্টুডিওর প্রযোজনায়। সিরিজটির মাধ্যমে ‘ভিক্টোরিয়াস’-এর জনপ্রিয় জগতকে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।

সূত্র: নেটফ্লিক্স টুডাম