বিনোদন
কে-পপের জনপ্রিয় দল কাটসাইকে নিয়ে নতুন চলচ্চিত্র, সংগীতের বাইরেও বাড়ছে পরিচিতি

সংগীতের মঞ্চের বাইরে নিজেদের যাত্রা, পরিশ্রম ও ভক্তদের সঙ্গে সম্পর্কের গল্প নিয়ে পর্দায় ফিরছে আন্তর্জাতিক পপসংগীতের জনপ্রিয় দল কাটসাই। দলটিকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘কাটসাই: ওয়াইল্ড হার্টস’ আগামী ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। যুক্তরাষ্ট্রে একই দিন ছবিটি দেখা যাবে হুলুতেও। খবরটি জানিয়েছে ডিজনি প্লাস কর্তৃপক্ষ।
ছবিটিতে কাটসাইয়ের সদস্যদের সংগীতজগতে উঠে আসার গল্প তুলে ধরা হয়েছে। দলটির গঠনপ্রক্রিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া পর্যন্ত নানা অভিজ্ঞতা উঠে আসবে এতে। আগে প্রকাশিত হয়নি, এমন দৃশ্য, ভক্তদের তৈরি ভিডিও এবং সদস্যদের সাক্ষাৎকারও থাকছে প্রামাণ্যচিত্রটিতে।
কাটসাইয়ের যাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল ‘দ্য ডেবিউ: ড্রিম একাডেমি’ নামের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। এই আয়োজনের মধ্য দিয়েই দলটি গঠিত হয়। পরবর্তী সময়ে নেটফ্লিক্সের ‘পপস্টার একাডেমি: কাটসাই হওয়ার গল্প’ সিরিজে দলটির সদস্যদের প্রস্তুতি ও প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। নতুন প্রামাণ্যচিত্রেও সেই যাত্রার বিভিন্ন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের দিকে নজর দেওয়া হয়েছে।
কাটসাইয়ের সদস্যরা হলেন সোফিয়া লাফোর্তেজা, মানন ব্যানারম্যান, ড্যানিয়েলা আভানজিনি, লারা রাজ, মেগান স্কিন্ডিয়েল ও ইউনচে জং। দলটি গঠনের পেছনে রয়েছে দক্ষিণ কোরিয়ার বিনোদন প্রতিষ্ঠান হাইব ও যুক্তরাষ্ট্রের সংগীত প্রতিষ্ঠান জেফেন রেকর্ডসের উদ্যোগ। কে-পপের প্রশিক্ষণপদ্ধতির সঙ্গে পশ্চিমা পপসংগীতের বৈশ্বিক আবেদন মিলিয়ে দলটিকে গড়ে তোলা হয়েছে।
‘কাটসাই: ওয়াইল্ড হার্টস’ পরিচালনা করেছেন নাদিয়া হলগ্রেন। ইনটারস্কোপ ফিল্মস ও বোর্ডওয়াক পিকচার্স ছবিটি নির্মাণ করেছে হাইব ও জেফেনের সঙ্গে যৌথভাবে। এর আগে গত ১২ আগস্ট থেকে বিশ্বের বিভিন্ন দেশে সীমিত পরিসরে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়া হয়েছিল। এবার এটি আসছে স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
ছবিটির অন্যতম আকর্ষণ কাটসাইয়ের সদস্যদের সঙ্গে তাদের ভক্তদের সম্পর্ক। দলের ভক্তদের পরিচিতি ‘আইকনস’ নামে। প্রামাণ্যচিত্রে ভক্তদের তৈরি ভিডিও ও সদস্যদের ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে এই সম্পর্কের দিকটি তুলে ধরা হয়েছে।
সংগীতের পাশাপাশি প্রামাণ্যচিত্র ও পর্দার পেছনের গল্পের মাধ্যমে শিল্পীদের ব্যক্তিগত যাত্রা তুলে ধরার প্রবণতা বিনোদনজগতে নতুন নয়। কাটসাইয়ের এই ছবিও দলটির উত্থান, প্রস্তুতি ও ভক্তদের সঙ্গে সম্পর্ককে সামনে আনার একটি উদ্যোগ।
