শিক্ষা
বিদেশি শিক্ষার্থীদের জন্য ৬ মাসের কাজের ভিসা চালু করছে নিউজিল্যান্ড

বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ছয় মাস মেয়াদি কাজের ভিসা চালু করতে যাচ্ছে নিউজিল্যান্ড। দেশটিতে পড়াশোনা শেষ করলেও যারা বিদ্যমান পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা অর্জন করতে পারেন না, নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে তারা নতুন এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আগামী ১৬ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হবে।
নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগ গত ১০ সেপ্টেম্বর প্রকাশিত এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। নতুন ভিসাটির নাম ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’। এর আওতায় যোগ্য স্নাতকেরা সর্বোচ্চ ছয় মাস দেশটিতে অবস্থান করে কাজ করতে পারবেন এবং দীর্ঘমেয়াদি কর্মভিসার সুযোগ খুঁজতে পারবেন।
কারা আবেদন করতে পারবেন?
সরকারি নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীকে নিউজিল্যান্ডের যোগ্যতা কাঠামোর পঞ্চম থেকে সপ্তম স্তরের কোনো কোর্স সম্পন্ন করতে হবে। কোর্সটি দেশটিতে পূর্ণকালীনভাবে কমপক্ষে ২৪ সপ্তাহের হতে হবে। তবে ইংরেজি ভাষা, ফাউন্ডেশন বা ব্রিজিং কোর্সের সনদ দিয়ে এই ভিসার আবেদন করা যাবে না।
এ ছাড়া আবেদনকারীর কাছে নিজের থাকা-খাওয়ার খরচ চালানোর জন্য অন্তত ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে। প্রয়োজন অনুযায়ী বৈধ স্বাস্থ্য সনদ ও বুকের এক্স-রের প্রতিবেদনও জমা দিতে হবে।
আবেদনের সময়সীমার ক্ষেত্রেও শর্ত রয়েছে। শিক্ষার্থীর সংশ্লিষ্ট স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন ভিসার আবেদন করতে হবে। আগে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা অথবা শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা পেয়ে থাকলে নতুন এই ভিসার জন্য আবেদন করা যাবে না।
৬ মাস যেকোনো প্রতিষ্ঠানে কাজের সুযোগ
নতুন ভিসার অন্যতম সুবিধা হলো, এর আওতায় যোগ্য আবেদনকারীরা নিউজিল্যান্ডের যেকোনো নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন। কাজের জন্য নিয়োগচুক্তি বা সেবা প্রদানের চুক্তি থাকতে হবে। তবে এই ভিসায় নিজস্ব ব্যবসার মালিক হওয়া বা ব্যবসা পরিচালনার অনুমতি থাকবে না।
ছয় মাসের মধ্যে উপযুক্ত চাকরি পেলে এবং প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারলে আবেদনকারীরা স্বীকৃত নিয়োগকর্তার অধীনে কর্মভিসার মতো দীর্ঘমেয়াদি বিকল্প বিবেচনা করতে পারবেন। তবে নতুন ভিসাটি বাড়ানো যাবে না এবং একই ভিসা দ্বিতীয়বার নেওয়ার সুযোগও থাকবে না।
স্নাতকোত্তর ডিপ্লোমাধারীদের জন্যও পরিবর্তন
একই সঙ্গে নিউজিল্যান্ড পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতার পরিধিও বাড়াচ্ছে। আগামী ১৬ নভেম্বর থেকে নির্দিষ্ট শর্ত পূরণকারী সপ্তম স্তরের গ্র্যাজুয়েট ডিপ্লোমাধারীরাও এই ভিসার জন্য যোগ্য হতে পারেন। এ ক্ষেত্রে নিউজিল্যান্ডে বা অন্য দেশে অর্জিত স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ডিপ্লোমাটি দেশটিতে পূর্ণকালীনভাবে সম্পন্ন করতে হবে।
নতুন নিয়মের ফলে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা শেষে দেশটিতে কাজের সুযোগ পাবেন, যাঁরা আগে দীর্ঘমেয়াদি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা অর্জন করতে পারতেন না।
তবে ছয় মাসের এই ভিসা সরাসরি স্থায়ী বসবাসের অনুমতি বা পিআর নিশ্চিত করে না। পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি ভিসা কিংবা স্থায়ী বসবাসের সুযোগ পেতে হলে সংশ্লিষ্ট কর্মসূচির পৃথক যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।
সূত্র: নিউজিল্যান্ডের সরকারি অভিবাসন বিভাগ
