প্রচ্ছদ / শিক্ষা

শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন, নিবন্ধন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে সোমবার (১২ অক্টোবর) থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন যোগ্য স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ শিক্ষার্থী এবং গবেষকেরা। নিবন্ধনের সুযোগ থাকবে আগামী ১২ নভেম্বর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় সমাবর্তন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৮ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিবন্ধনের সময়সূচি ও অংশগ্রহণের যোগ্যতা জানানো হয়েছে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ সমাবর্তনে অংশ নিতে পারবেন নির্দিষ্ট শিক্ষাবর্ষে বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ও গবেষকেরা।

যারা অংশ নিতে পারবেন

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক, এলএলবি ফাইনাল এবং বিএফএ অনার্স ও পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণদের জন্যও নিবন্ধনের সুযোগ রয়েছে।

অন্যান্য কোর্সের ক্ষেত্রে পাসের বছর আলাদা করে নির্ধারণ করা হয়েছে। এমবিএতে ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩ এবং ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশলে স্নাতকে ২০১২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। কম্পিউটারবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের ক্ষেত্রে পাসের বছর ২০১১ থেকে ২০২২।

এ ছাড়া পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা, উড়োজাহাজ পরিচালনা ও প্রকৌশল, থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ, ফ্যাশন ডিজাইন ও প্রযুক্তি, ফলিত অপরাধবিজ্ঞান, গণমাধ্যম ও সাংবাদিকতা, শারীরিক শিক্ষা এবং অন্যান্য নির্দিষ্ট পেশাগত কোর্সে উত্তীর্ণদের জন্যও সুযোগ রাখা হয়েছে। অন-ক্যাম্পাসের নির্দিষ্ট স্নাতকোত্তর প্রোগ্রামে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল বা পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকেরাও নিবন্ধন করতে পারবেন। এসব ক্ষেত্রে আবেদন করার আগে বিজ্ঞপ্তিতে নিজের কোর্স ও পাসের বছর মিলিয়ে নিতে হবে।

নিবন্ধন ফি কত

সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন ফি দিতে হবে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। প্রতিটি সনদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে যাঁরা ইতিমধ্যে মূল সনদ গ্রহণ করেছেন, তাঁদের সনদের জন্য আবার ফি দিতে হবে না।

যেভাবে নিবন্ধন করবেন

আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ও ফি পরিশোধের জন্য সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে।

নিবন্ধন করতে হবে এই ওয়েবসাইটে: https://convocation.nu.ac.bd/

নিবন্ধনসংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫১ থেকে ০১৩৪৭-৫৫২১৫৭ নম্বরে এবং অর্থ পরিশোধের বিষয়ে জানতে ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। যোগাযোগের সময় সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা। এ ছাড়া ই-মেইল করা যাবে convocation@nu.ac.bd ঠিকানায়।

সমাবর্তনের নির্দিষ্ট সময়, স্থান ও বিস্তারিত অনুষ্ঠানসূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।