অর্থনীতি
কর্মসংস্থান হবে প্রায় ৪ হাজার ৪০০ জনেরমৌলভীবাজারে ৩০ কোটি ডলারের ডেনিম কারখানা করবে তুরস্কের সানকো
মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগে ডেনিম কাপড় তৈরির কারখানা করবে তুরস্কের শিল্পগোষ্ঠী সানকো হোল্ডিং। প্রতিষ্ঠানটির ডেনিম বিভাগ ইসকো দেশীয় শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বিনিয়োগ সংস্থা ইনভেস্ট বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সানকো হোল্ডিংয়ের একটি প্রতিনিধিদল সংস্থাটির চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করে এই বিনিয়োগের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সানকোর পর্ষদের ভাইস চেয়ারম্যান ফাতিহ কোনুকোগলু।
প্রস্তাবিত কারখানাটি হবে রপ্তানিমুখী, যেখানে সুতা তৈরির (স্পিনিং) ইউনিটও থাকবে। প্রতি মাসে প্রায় ১ কোটি মিটার ডেনিম কাপড় উৎপাদনের সক্ষমতা থাকবে কারখানাটির। সরাসরি কর্মসংস্থান হবে প্রায় ৪ হাজার ৪০০ জনের। ২০২৮ সালের প্রথম প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ বলছে, এই বিনিয়োগ দেশের বস্ত্রখাতের পশ্চাৎসংযোগ শিল্পকে শক্তিশালী করবে। এতে আমদানি করা কাঁচামালের ওপর নির্ভরতা কমবে এবং রপ্তানি প্রবৃদ্ধিতেও সহায়তা করবে। নিয়মিত যোগাযোগ, ধারাবাহিক ফলোআপ ও বিনিয়োগকারীকে সহায়তার মাধ্যমে প্রাথমিক আগ্রহ থেকে প্রস্তাবটি বিনিয়োগের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বাস্তবায়নের পুরো সময় জুড়ে প্রকল্পটিকে সহায়তা করার কথাও জানিয়েছে তারা।
বৈঠকে সানকোর পক্ষে আরও উপস্থিত ছিলেন পর্ষদ সদস্য হাকান কোনুকোগলু, প্রধান আর্থিক কর্মকর্তা মোস্তফা গুনবুলুট, প্রধান কৌশল কর্মকর্তা চাগাতাই আবরাস ও আঞ্চলিক মহাব্যবস্থাপক তেজজান বালতাস। ডিবিএল গ্রুপের পক্ষে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, ট্রেজারি প্রধান জাকারিয়া চৌধুরী এবং গ্রুপ হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স জুয়েল জব্বার। ইনভেস্ট বাংলাদেশের সদস্য (বিনিয়োগ উন্নয়ন) নাহিয়ান রহমান রচিও বৈঠকে উপস্থিত ছিলেন।
সানকো হোল্ডিং তুরস্কের একটি পারিবারিক শিল্পগোষ্ঠী, যার বস্ত্র ব্যবসার শুরু ১৯০৪ সালে। বস্ত্রের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, নির্মাণ, মোড়কীকরণ ও আর্থিক খাতেও এর ব্যবসা রয়েছে। তাদের ডেনিম বিভাগ ইসকো বিশ্বের শীর্ষস্থানীয় ডেনিম কাপড় উৎপাদকদের একটি, যার বার্ষিক উৎপাদন সক্ষমতা প্রায় ২৫ থেকে ৩০ কোটি মিটার। ৬০টিরও বেশি দেশে ক্রেতা রয়েছে ইসকোর।
এর আগে চলতি বছরের জুলাইয়ে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে আলাদাভাবে আরও ৩০ কোটি ডলারের একটি সমন্বিত বস্ত্রকারখানা করার ঘোষণা দিয়েছিল সানকো। সে সময় বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়েছিল।
