অর্থনীতি
রাজস্ব ঘাটতিতে ব্যাংকঋণে ঝুঁকছে সরকার, তিন মাসে বেড়েছে ৭২ শতাংশ

রাজস্ব আদায়ে বড় ঘাটতির কারণে ব্যাংকব্যবস্থা থেকে ধার নেওয়া বাড়িয়েছে সরকার। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংক থেকে সরকারের নিট ঋণ আগের বছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এই তিন মাসে ব্যাংক ও ব্যাংকবহির্ভূত উৎস মিলিয়ে সরকারের মোট নিট অভ্যন্তরীণ ঋণ বেড়েছে ৩৮ শতাংশ। এর ৮৭ দশমিক ৭ শতাংশই এসেছে ব্যাংক থেকে, যা আগের বছর একই সময়ে ছিল ৭০ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ দেশের ভেতর থেকে নেওয়া প্রতি ১০০ টাকার ঋণের প্রায় ৮৮ টাকাই জোগান দিয়েছে ব্যাংক। একই সময়ে ব্যাংকবহির্ভূত উৎস থেকে নিট ঋণ কমেছে ৪২ শতাংশ, যদিও জাতীয় সঞ্চয়পত্রের নিট বিক্রি বেড়েছে প্রায় ২৮ শতাংশ।
ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর এই নির্ভরতার মূল কারণ রাজস্ব আদায়ে পিছিয়ে পড়া। প্রথম প্রান্তিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্য ছিল ৯২ হাজার কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে লক্ষ্যের চেয়ে ৪২ হাজার কোটি টাকা কম। অর্থবছরের প্রথম চার মাসে এই ঘাটতি দাঁড়িয়েছে ৫০ হাজার কোটি টাকায়। অন্যদিকে বিদেশি অর্থায়নও নেতিবাচক হয়ে গেছে। এ সময়ে সরকার যত বৈদেশিক সহায়তা পেয়েছে, তার চেয়ে ২ হাজার ৮৩৪ কোটি টাকা বেশি আসল ঋণ পরিশোধ করেছে।
সেপ্টেম্বর শেষে অভ্যন্তরীণ ঋণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৭ দশমিক ২৩ শতাংশে দাঁড়িয়েছে, এক বছর আগে যা ছিল ১৬ দশমিক ২৯ শতাংশ। অথচ সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ছিল ৫ শতাংশের নিচে।
অর্থনীতিবিদেরা বলছেন, সরকার ব্যাংক থেকে বেশি ধার নিলে বেসরকারি খাতের উদ্যোক্তাদের ক্ষেত্রে ঋণের সুযোগ সংকুচিত হওয়ার ঝুঁকি থাকে। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমানের মতে, এতে উৎপাদনশীল ব্যবসার জন্য ঋণ পাওয়া কঠিন হতে পারে, বাড়তে পারে সরকারের ঋণের খরচও। তবে বেসরকারি ঋণ ঠিক কতটা বাধাগ্রস্ত হয়েছে, তা এই পরিসংখ্যান দিয়ে নিশ্চিতভাবে বলা যায় না বলেও মনে করেন তিনি। তাঁর পরামর্শ, করের আওতা বাড়ানো, কম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমানো এবং স্বল্প সুদের বিদেশি ঋণ দ্রুত ছাড় করানো। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষার ব্যয় যেন কমানো না হয়, সেদিকে নজর রাখার কথাও বলেছেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. দ্বীন ইসলামের মতে, শুধু ঘাটতি অর্থায়ন নয়, অর্থের উৎস বদলে যাওয়াটাই বড় উদ্বেগের বিষয়। ব্যাংকগুলো যদি সরকারি সিকিউরিটিজকে বেশি নিরাপদ মনে করে, তাহলে বেসরকারি খাত, বিশেষ করে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগ্রহ কমে যায়। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে এ প্রবণতা মুদ্রানীতি বাস্তবায়নকেও জটিল করতে পারে বলে মনে করেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো ফাহমিদা খাতুন মনে করেন, দুর্বল রাজস্ব আদায় ও কর প্রশাসনের সংস্কারে দেরিই এই ব্যাংকনির্ভরতার মূল কারণ। তাঁর মতে, শুধু করহার বাড়িয়ে রাজস্ব বাড়ানো যাবে না। অর্থ যদি উৎপাদনশীল খাতে ব্যবহার না হয়, তাহলে সরকারের এই ক্রমবর্ধমান ঋণ মূল্যস্ফীতি আরও বাড়াতে পারে। মুদ্রানীতি যখন সংকোচনমূলক, তখন সম্প্রসারণমূলক রাজস্বনীতি তার বিপরীতে কাজ করবে বলেও সতর্ক করেন তিনি। এ জন্য দ্রুত রাজস্ব সংস্কার এবং রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে বাড়তি সমন্বয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
অর্থ বিভাগের ২০২৬-২৭ থেকে ২০২৮-২৯ অর্থবছরের মধ্যমেয়াদি সামষ্টিক অর্থনৈতিক নীতি বিবৃতিতেও এ নিয়ে সতর্কতা রয়েছে। সেখানে বলা হয়েছে, রাজস্ব লক্ষ্য পূরণ না হলে চলতি ও উন্নয়ন ব্যয় দুটিই ভিত্তি প্রাক্কলনের নিচে থাকবে। সে ক্ষেত্রে ২০২৮-২৯ অর্থবছরে মূলধনি ব্যয় দাঁড়াবে ৪ লাখ ৬২ হাজার কোটি টাকায়, যা ভিত্তি প্রাক্কলনের চেয়ে প্রায় ৯৬ হাজার কোটি টাকা কম।
