অর্থনীতি
আইবিএ অ্যালামনাই ক্লাবের ‘ফিনএক্স কানেক্ট’-এ ব্যাংক খাতের সংকট ও ডিজিটাল আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে আলোচনা

দেশের ব্যাংক খাতের চলমান সংকট, সুশাসন এবং ডিজিটাল আর্থিক সেবার ভবিষ্যৎ নিয়ে এক মঞ্চে আলোচনা করেছেন ব্যাংকিং, ফিনটেক ও করপোরেট খাতের শীর্ষ নির্বাহীরা। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলে আইবিএ অ্যালামনাই ক্লাবে ‘বিকাশ প্রেজেন্টস ফিনএক্স কানেক্ট ২০২৬’ শীর্ষক এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড প্রথমবারের মতো এ আয়োজন করে। অনুষ্ঠানে জ্যেষ্ঠ ব্যাংকার, ফিনটেক ও করপোরেট নির্বাহী, শিক্ষাবিদ, আইবিএর সাবেক শিক্ষার্থী এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ‘নেভিগেটিং মার্কেট ক্রসরোডস অ্যান্ড ড্রাইভিং গ্রোথ’ শীর্ষক ফায়ারসাইড চ্যাট অনুষ্ঠিত হয়। গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সহপ্রতিষ্ঠাতা কাজী এম আহমেদের সঞ্চালনায় এতে অংশ নেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবিব। আরও অংশ নেন ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবীন, ব্র্যাক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন বাংলাদেশ)-এর সিনিয়র পার্টনার আদীব হোসেন খান, এফসিএ।
আলোচনায় সেলিম আর এফ হোসেন বলেন, বাংলাদেশের মতো ছোট একটি দেশে ৬০টি ব্যাংকের প্রয়োজন নেই। শ্রীলঙ্কা, পাকিস্তান ও ফিলিপাইন ব্যাংকের সংখ্যা কমিয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেরও তা করা উচিত। তবে এর সামাজিক প্রভাব থাকতে পারে বলেও স্বীকার করেন তিনি। তাঁর মতে, ব্যাংক খাত ঠিক করতে দুই থেকে তিন প্রজন্ম লেগে যেতে পারে।
ড. মেলিতা মেহজাবীন বলেন, ব্যাংক খাতের বর্তমান পরিস্থিতির দায় পর্ষদগুলোকেও নিতে হবে। “কেউ ঠিক প্রশ্নটি করেনি,” মন্তব্য করে তিনি জানান, বছরের পর বছর কাঠামোগত ব্যর্থতার কারণে বিতরণ করা প্রতি তিন টাকার প্রায় এক টাকা ফেরত আসেনি।
আদীব হোসেন খান বলেন, সংকটের দায় শুধু নিরীক্ষকদের ওপর চাপানো যায় না। নিরীক্ষাকে প্রতিরক্ষার চতুর্থ বা পঞ্চম স্তর হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলোর অভ্যন্তরীণ মূল ভিত্তিই ভেঙে পড়েছিল। অনেক ব্যাংক লেনদেনের রেকর্ডও মুছে ফেলেছে বলে জানান তিনি।
দ্বিতীয় পর্বে ‘ফাইন্যান্স রিওয়্যার্ড – দ্য ফিউচার অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন ইউসিবির চিফ কমিউনিকেশন অফিসার জিশান কিংশুক হক। প্যানেলিস্ট ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইউনিলিভার বাংলাদেশের সিএফও ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং সিটি ব্যাংকের ডিএমডি ও হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার।
প্যানেলিস্টরা বলেন, ডিজিটাল আর্থিক সেবায় ভোক্তা সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদার করতে হবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে আন্তঃসংযোগ বাড়াতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণপ্রক্রিয়া সহজ করা এবং গ্রাহকের লেনদেনের ইতিহাসের ভিত্তিতে ঋণ দেওয়ার আহ্বানও জানান তাঁরা।
আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “আইবিএ অ্যালামনাই ক্লাব এবারই প্রথমবারের মতো এমন একটি আয়োজন করেছে। দেশের আর্থিক খাত নিয়ে বিশেষজ্ঞরা যে খোলামেলা ও প্রাণবন্ত আলোচনা করেছেন, তা নিশ্চয়ই জাতিকে পথ দেখাবে।” উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনুষ্ঠানিক পর্ব শেষে ব্যান্ড রেনেসাঁ সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানের মূল পৃষ্ঠপোষক ছিল বিকাশ। সহযোগিতায় ছিল মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, বার্জার, আইপিডিসি ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।
