প্রচ্ছদ / অর্থনীতি

অর্থনীতি

ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির মামলার আসামি জাহাঙ্গীর এখন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী হওয়ার চেষ্টায়

ফারমার্স ব্যাংক কেলেঙ্কারির মামলার আসামি জাহাঙ্গীর এখন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী হওয়ার চেষ্টায়

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটির মতিঝিল শাখার দায়িত্বে থাকার সময় তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে। পরে প্রায় ৬৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে আসামি করা হয়। অথচ এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করে আওয়ামী লীগপন্থী রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে নতুন পরিচিতি তৈরির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

দুদকের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২১ জুলাই ফারমার্স ব্যাংকের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামিদের একজন ছিলেন ব্যাংকটির সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার প্রধান মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার।

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ঋণের নামে ফারমার্স ব্যাংকের মতিঝিল শাখা থেকে ৪০ কোটি ৭৯ লাখ ২১ হাজার টাকা আত্মসাৎ করেন। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সুদ-আসলসহ ওই অর্থের পরিমাণ দাঁড়ায় ৬২ কোটি ৯৬ লাখ ৭৫ হাজার ৬১৯ টাকা।

মামলার অন্য আসামিরা হলেন মাহবুবুল হক চিশতী, তাঁর ছেলে রাশেদুল হক চিশতী, রেদওয়ানুল কবির চৌধুরী, চৌধুরী আল ফারুক ও নিম্মি কবির চৌধুরী। মামলাটি দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা হয়।

এর আগে ২০১৮ সালে ফারমার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে দুদক ব্যাংকটির কর্মকর্তা ও সংশ্লিষ্ট গ্রাহকসহ ১৭ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছিল। ওই তালিকায় জাহাঙ্গীর আলম মজুমদারের নামও ছিল। সে সময় দুদকের আশঙ্কা ছিল, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন।

জাহাঙ্গীর আলম মজুমদারের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি 'শেখ হাসিনাতেই আস্থা' বলে নিজের অবস্থান প্রকাশ করেছেন। অর্থাৎ যে আওয়ামী লীগ সরকারের আমলেই তাঁর বিরুদ্ধে ব্যাংক দুর্নীতির মামলা হয়েছিল, এখন সেই দলের রাজনৈতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অবস্থান প্রকাশ নয়, যুক্তরাষ্ট্রে একটি সংগঠন গঠন করে সেখানে সাংগঠনিক পদও নিয়েছেন তিনি। অভিযোগ অনুযায়ী, একজন স্বনামধন্য বীর মুক্তিযোদ্ধাকে সংগঠনটির সভাপতি করে নিজে সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন জাহাঙ্গীর আলম মজুমদার। সংগঠনটির প্রকৃত পরিচয়, নিবন্ধন ও কার্যক্রম নিয়েও প্রশ্ন রয়েছে। সমালোচকদের দাবি, সংগঠনটি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগপন্থী পরিচিতি তৈরির একটি নতুন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে।

এ নিয়ে প্রশ্ন উঠেছে, ফারমার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মতো ঘটনায় দুদকের মামলার আসামি একজন ব্যক্তি কীভাবে রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিসরে নতুন পরিচিতি তৈরির চেষ্টা করছেন। যে সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলেই দুর্নীতির অভিযোগে মামলা হয়েছিল, তিনি এখন সেই সরকারের প্রধান শেখ হাসিনার প্রতি আস্থা প্রকাশ করে রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছেন- এটি রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।