অর্থনীতি
পশুখাদ্য উৎপাদনে মান নিয়ন্ত্রণের তিন সনদ পেল আকিজ এগ্রো ফিড

পশুখাদ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণে আন্তর্জাতিক তিনটি সনদ অর্জন করেছে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এগ্রো ফিড লিমিটেড। প্রতিষ্ঠানটি আইএসও ২২০০০:২০১৮, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) এবং হ্যাজার্ড অ্যানালাইসিস অ্যান্ড ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) সনদ পেয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এসব সনদ দিয়েছে ইন্টারটেক বাংলাদেশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আকিজ হাউসে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সনদগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন, চিফ পিপল অফিসার (সিপিও) আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (সিবিডিও) মোহাম্মদ তৌফিক হাসান এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসানসহ অন্যরা।
অনুষ্ঠানে নেয়ামুল হাসান বলেন, আন্তর্জাতিক সনদ অর্জন কোনো এককালীন সাফল্য নয়; এটি ধারাবাহিক উন্নয়নের একটি প্রক্রিয়া। এ ধরনের স্বীকৃতি গ্রাহকদের আস্থা বাড়ানোর পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে দেশের পশুখাদ্য শিল্পের মানোন্নয়নেও ভূমিকা রাখতে পারে।
আকিজ এগ্রো ফিড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ টি এম হাবিব উল্লাহ বলেন, শিল্প খাতে নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য শুধু বিক্রয় ও মুনাফা যথেষ্ট নয়। পণ্যের গুণগত মান, উৎপাদনব্যবস্থার উৎকর্ষ এবং অংশীজনদের সন্তুষ্টিও এর গুরুত্বপূর্ণ ভিত্তি। উৎপাদনের প্রতিটি পর্যায়ে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় সনদ অর্জনে ইন্টারটেক বাংলাদেশসহ সংশ্লিষ্ট দলগুলোর অবদানের প্রশংসা করেন।
আকিজ রিসোর্সের ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি লিড মো. রাহাজুল আমিন বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্য নিশ্চিত করতে করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নকে সমন্বিত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ আকিজ রিসোর্স। সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি, ইএসজি কার্যক্রমের মূল্যায়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক উৎকর্ষের অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তারা।
আকিজ এগ্রো ফিড লিমিটেড সারা দেশে পোলট্রি, গবাদিপশু ও মৎস্য খাতের জন্য বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন ও সরবরাহ করে। এসবের মধ্যে রয়েছে ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির খাদ্য, দুগ্ধজাত গবাদিপশুর খাদ্য এবং তেলাপিয়া মাছের খাদ্য।
প্রতিষ্ঠানটির প্রত্যাশা, আন্তর্জাতিক তিনটি সনদ অর্জনের মাধ্যমে উৎপাদনব্যবস্থার মানোন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দায়িত্বশীল ও টেকসই ব্যবসায়িক কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ আরও সুগম হবে।
