অর্থনীতি
দেশে সোনার দাম কমেছে

বিশ্ববাজারের প্রভাবে দেশজুড়ে স্বর্ণের দাম আবার কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা কমানো হলো। এতে ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকায়। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পরিশোধিত বা তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দর পুনর্নির্ধারণ করা হয়েছে। এর আগে গত শুক্রবারও মূল্যবান এই ধাতুর দাম সমন্বয় করা ছিলো।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের জন্য গুণতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়। ১৮ ক্যারেটের ক্ষেত্রে প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দর দাঁড়ালো ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে সর্বমোট ১২৬ বার স্বর্ণের দর রদবদল করা হলো। বাজুসের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো এবং ৬৫ বার কমানো হয়েছে। এছাড়া ভ্যাট সমন্বয় করা হয়েছে এক বার। অন্যদিকে, গত বছর মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিলো; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো ও ২৯ বার কমানো হয়েছিলো।
এদিকে স্বর্ণের দর কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বাজারে আগের নির্ধারিত দর অনুযায়ী বিক্রি হচ্ছে রুপা। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৮৪৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ৩ হাজার ৬৭৪ টাকায়, ১৮ ক্যারেট ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দর দাঁড়িয়েছে ২ হাজার ৩৯১ টাকায়।
