তথ্যপ্রযুক্তি
দুর্গম এলাকায় নেটওয়ার্ক ঘাটতি খতিয়ে দেখবে বিটিআরসি

দেশের দুর্গম, সেবাবঞ্চিত ও দুর্যোগপ্রবণ এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও টেলিযোগাযোগ সেবার ঘাটতি চিহ্নিত করতে সমীক্ষা চালানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসব এলাকায় নির্ভরযোগ্য ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার উপায়ও খতিয়ে দেখা হবে।
প্রতিবেদন অনুযায়ী, বিটিআরসির সাম্প্রতিক এক কমিশন সভায় প্রস্তাবিত গবেষণার বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিস্তারিত গবেষণা প্রস্তাব তৈরির জন্য একটি কমিটি গঠন করা হবে। কমিটিকে এক মাসের মধ্যে প্রস্তাব প্রস্তুত করে বিটিআরসি চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।
সমীক্ষায় দেশের কোন কোন এলাকায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের আওতা অপর্যাপ্ত, কোথায় সংযোগের মান দুর্বল এবং স্থানীয় বাসিন্দাদের কী ধরনের সংযোগ প্রয়োজন- এসব বিষয় মূল্যায়ন করা হবে। পাশাপাশি দুর্গম এলাকায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার সম্ভাব্য উপায়ও খোঁজা হবে।
বিটিআরসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, দুর্গম এলাকায় ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং সীমিত বাণিজ্যিক সম্ভাবনার কারণে মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক সম্প্রসারণ সব সময় লাভজনক হয় না। ফলে কোনো কোনো এলাকায় নেটওয়ার্ক থাকলেও সেবার মান ও প্রাপ্যতা প্রয়োজনের তুলনায় কম থাকতে পারে।
এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে অনুসৃত কার্যকর পদ্ধতিগুলোও পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার, টেলিযোগাযোগ সেবা সম্প্রসারণের পরিকল্পনা এবং বিদ্যমান আইন ও নীতিমালা বিবেচনায় নেওয়া হবে।
দেশের সর্বত্র নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করার সরকারি পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি, ২০২৫-এও দুর্গম ও সেবাবঞ্চিত এলাকায় নেটওয়ার্ক সম্প্রসারণে তরঙ্গভিত্তিক প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে।
সমীক্ষার ফলাফলের ভিত্তিতে কোথায় নেটওয়ার্ক সম্প্রসারণ সবচেয়ে বেশি প্রয়োজন এবং যেসব এলাকায় বাণিজ্যিক কারণে অপারেটরদের বিনিয়োগের আগ্রহ কম, সেখানে কীভাবে মানসম্মত সেবা নিশ্চিত করা যায়, তা নির্ধারণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
