তথ্যপ্রযুক্তি
একের পর এক সাইবার বিভ্রাট, পদ হারালেন যুক্তরাষ্ট্রের সাইবার প্রধান

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক কয়েকটি বড় সাইবার বিভ্রাটের পর দেশটির জাতীয় সাইবার পরিচালক শন কেয়ারনক্রসকে সরিয়ে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে খবরটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সাম্প্রতিক বিভ্রাটগুলোতে সাধারণ মানুষের বিমানযাত্রা, যোগাযোগ ও অনলাইন কেনাকাটা ব্যাহত হয়েছে। এমনকি নিরাপত্তা সংস্থার একটি অতি গোপন অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাও এর বাইরে ছিল না। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সাইবার হুমকি নিয়েও উদ্বেগ বাড়ছে।
সূত্রটির দাবি, পদটির জন্য প্রয়োজনীয় যোগ্যতা কেয়ারনক্রসের ছিল না। তাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে সরানোর সিদ্ধান্তে সায় দিয়েছেন।
আপাতত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রতিরক্ষা দপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা কার্স্টেন ডেভিস। তাঁর নিয়োগ সিনেটে অনুমোদিত। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
কেয়ারনক্রস ট্রাম্পের দীর্ঘদিনের পরিচিত মুখ। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউসে কাজ করেছেন। ২০১৬ সালের নির্বাচনের সময় রিপাবলিকান ন্যাশনাল কমিটির শীর্ষ পদেও ছিলেন।
